টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া আরও ৪১১ পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ গন্তব্যে ফিরেছেন। মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় তাঁরা সেখানে আটকা পড়েছিলেন। আজ শুক্রবার সকালে নৌকা ও বাঁশের ভেলায় করে পর্যটকদের ওই প্লাবিত এলাকা পার করিয়ে দেওয়া হয়, এরপর সড়কপথে তাঁদের গন্তব্যে পৌঁছে দেয় সেনাবাহিনী।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতি এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টিপাতের ফলে রাঙামাটির দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যায়। এর ফলে সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে ডুবে থাকা সড়কগুলোতে নৌকা ও বাঁশের ভেলা ব্যবহার করে পর্যটকদের পারাপারের ব্যবস্থা করা হয়। প্রথম দফায় ১৫০ জন পর্যটক সাজেক ছেড়ে যান, যাঁদের মধ্যে ১০টি শিশু, ১০০ জন পুরুষ ও ৪০ জন নারী ছিলেন। মূলত জরুরি প্রয়োজন থাকায় তাঁরাই প্রথম দফায় ফিরে যান। দ্বিতীয় দফায় আজ বাকি পর্যটকেরা সাজেক ত্যাগ করেন।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সচিব সুরেশ ত্রিপুরা মুক্তকণ্ঠকে বলেন, "আটকে পড়া সব পর্যটক আজ সকাল ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। এখন সাজেকে আর কোনো পর্যটক নেই।"

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান মুক্তকণ্ঠকে বলেন, "সাজেকে আটকে থাকা পর্যটকদের মধ্যে গতকাল প্রথম দফায় কিছু পর্যটক চলে গেছেন। আজ সকালে বাকি পর্যটকেরা সাজেক ছেড়েছেন।"