দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে মোট ৯৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকায় হামের উপসর্গ নিয়ে ওই শিশুটি মারা গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২ জনে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৪৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার ৩৪৮ শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ৩৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১২ হাজার ৯৬৪ শিশুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে।

চিকিৎসার জন্য ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৫২২ জন। তাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।