জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২তম সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। তবে প্রস্তাবিত বাজেটে ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার ঘাটতি রয়েছে।
অনুমোদিত বাজেট অনুযায়ী মোট ৩৩০ কোটি টাকার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্ভাব্য বরাদ্দ ধরা হয়েছে ১৫৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫০ লাখ টাকা। সভায় একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
নতুন বাজেটে প্রধান ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন-ভাতার জন্য ১২৯ কোটি ৮০ লাখ ৬৬ হাজার টাকা এবং পণ্য ও সেবা খাতে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশেষ খাতে শিক্ষার্থীদের বৃত্তির জন্য ৬০ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণের জন্য ৩০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া গবেষণা খাতে ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, ইউজিসি কয়েকটি খাতে চাহিদার তুলনায় বরাদ্দ কম দিয়েছে এবং গবেষণা ও যানবাহন খাতের বরাদ্দ আপাতত স্থগিত রেখেছে। ঘাটতি পূরণের জন্য ইউজিসির মাধ্যমে সরকারের কাছে প্রয়োজনীয় অর্থ ছাড়ের সুপারিশ করেছে সিন্ডিকেট।
বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।






