২০২৪–এর ৫ আগস্ট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া চাঁদপুর শিল্পকলা একাডেমি আধুনিক মানে নতুন রূপে ফিরবে বলে আশ্বাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নদীমাতৃক’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাঁদপুর শিল্পকলা একাডেমির যে অবস্থা, এটি সংস্কার না করে ভেঙে সেখানে নতুন করে এক হাজার আসনবিশিস্ট একটি আধুনিক শিল্পকলা একাডেমি করা হবে। সেই সঙ্গে সারা দেশে কালচালার সেন্টার করার পরিকল্পনা নিয়েছে সরকার।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ।
চাঁদপুরের নাট্য সংগঠক শরীফ চৌধুরী জানান, ২০২৪–এর ৫ আগস্টে দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে চাঁদপুর শিল্পকলা একাডেমি জ্বালিয়ে–পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এর ফলে প্রায় দুই বছর চাঁদপুরের সংস্কৃতিকর্মীরা কোনো ধরনের অনুষ্ঠান করতে পারেননি। ২০২৫–এর ডিসেম্বরে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ চাঁদপুরের সংস্কৃতি কর্মীদের ফেরাতে ৩৩টি সংগঠনকে নিয়ে ওই শিল্পকলায় জোড়াতালি দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা শুরু করেন।
জেলা কালচারাল অফিসার দিতি সাহা জানান, বর্তমান জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এসে প্রায় প্রতিদিনই নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে নানা সমস্যার কারণে বড় কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের কাছ থেকে ২০ লাখ টাকার ব্যবস্থা করায় এই ভগ্নদশা শিল্পকলায় সাউন্ড লাইট ও অন্যান্য সরঞ্জাম এনে আপাতত শিল্পকলা একাডেমির কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম চাঁদপুরে এসে শিল্পকলা একাডেমি পরিদর্শন ও একটি অনুষ্ঠান উপভোগ করে এটি নতুন রূপে নিয়ে আসবেন বলে আশ্বস্ত করেছেন।






