হাসপাতালে হলেও, ওষুধের দোকানে বা বাড়িতেই হোক, রক্তচাপ মাপা এখন সাধারণ ব্যাপার। কিন্তু অনেকেই অভিযোগ করেন, একই দিনে বিভিন্ন জায়গায় মাপলে ফলাফল একেক রকম আসে। এর কারণ রক্তচাপ মাপার সঠিক প্রস্তুতি না নেওয়া। তাই সঠিক ফলাফলের জন্য এই নিয়মগুলো মেনে চলুন—
• মাপার আগের আধা ঘণ্টা ব্যায়াম করবেন না। কোনো পানীয় খাবেন না, বিশেষ করে চা-কফি বা চকলেট মেশানো ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন। ধূমপানও করবেন না।
• আগেই ওয়াশরুমে গিয়ে কাজ সারুন। মাপার সময় প্রস্রাব বা পায়খানার চাপ থাকলে ফলাফল অস্থির হতে পারে।
• ঠিক আগের পাঁচ মিনিট শান্তভাবে বসুন। চেয়ারে পিঠ হেলান দিন, পা মাটিতে সোজা রাখুন, পায়ের ওপর পা তুলবেন না। হাত-কনুই টেবিলের ওপর রাখুন। কথা বলবেন না, মোবাইল বা টিভি স্ক্রিনের দিকে তাকাবেন না।
• ঢিলেঢালা হাতার পোশাক পরলে হাতা গুটিয়ে নিন। বাঁ বা ডান হাতেই মাপা যায়, যতক্ষণ না কোনো বিশেষ কারণে নিষেধ আছে। তবে কবজি বা আঙুলের যন্ত্র ব্যবহার এড়ান।
• মাপার সময় কথা বলা বা নড়াচড়া করবেন না।
• এক-দুই মিনিট পর আবার মাপুন এবং রেকর্ড রাখুন।
• ডিজিটাল বা অ্যানালগ যন্ত্র দুটোই ব্যবহারযোগ্য। তবে যন্ত্রের মান ও ব্যবহারবিধি যাচাই করুন। বছরে একবার পেশাদারের কাছে চেক করান। পাঁচ বছর পুরোনো হলে নতুন কিনুন।
সূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও জনস হপকিনস হেলথ কেয়ার






