পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার দোকান ও বিপণিবিতান খোলার সময় বাড়িয়েছে। আজ মঙ্গলবার থেকে রাতে ৩ ঘণ্টা অতিরিক্ত সময় খোলা রাখা যাবে। ফলে সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত দোকান-বিপণিবিতান চালু থাকবে। তবে কোনো আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমতি নেই।
আজ রাত সোয়া ৯টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি প্রজ্ঞাপনে এ সময় বাড়ানোর ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শপিং মল, মার্কেট ও দোকানগুলো সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যবস্থা কার্যকর করতে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ জারির ব্যবস্থা নিতে বলা হয়েছে।
৪ মে দোকান মালিক সমিতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে সময় বাড়ানোর আবেদন জানায়। তারা আসন্ন ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার বদলে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি করে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা হামলা করে ইরানও। তারপর যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সংকট প্রকট আকার ধারণ করে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়। একই সঙ্গে দোকানপাট ও শপিং মল (বিপণিবিতান) সন্ধ্যায় ছয়টায় বন্ধ করার সিদ্ধান্ত হয়, যা পরদিন কার্যকর হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সে সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়।






