কিছুটা ঢালু পথে হাঁটা বা ইনক্লাইন ওয়াকিং একটি চমৎকার ব্যায়াম। এতে সমতল হাঁটার তুলনায় অনেক বেশি ক্যালরি পোড়ানো যায় এবং মেদ কমানো সহজ হয়। কিন্তু এটি কি দৌড়ের চেয়েও ভালো? স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।
ঢালু পথে উঠতে গেলে সমতলের তুলনায় বেশি শক্তি লাগে, ফলে কম সময়ে বেশি ক্যালরি খরচ হয়—ঠিক পাহাড়ি পথে হাঁটার মতো। কিছু ট্রেডমিলে হাঁটার জায়গা ঢালু করা যায়, যা সমতল থেকেও ইনক্লাইন ওয়াকিং সম্ভব করে। তবে সমতল দৌড়ও দারুণ ব্যায়াম, যাতে সমতল হাঁটার চেয়ে অনেক বেশি ক্যালরি পোড়ায়।
সমতল হাঁটার তুলনায় ইনক্লাইন ওয়াকিং এবং সমতল দৌড় দুটোই উন্নত ব্যায়াম। কোনটি করবেন, তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো-মন্দ দিকগুলো জানা জরুরি, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনক্লাইন ওয়াকিংয়ের জনপ্রিয়তা বাড়ায়।
- ইনক্লাইন ওয়াকিংয়ে সমতল হাঁটার চেয়ে প্রায় দেড় গুণ ক্যালরি পোড়ে।
- মেদ কমানো তুলনামূলক সহজ হয়।
- নিতম্ব ও পায়ের বিভিন্ন পেশির জোর বাড়ে।
- শরীর অনেক বেশি ফিট থাকে।
- ফিটনেস ধরে রাখতে জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে না।
- নিরাপদ স্থানে করলে আঘাতের ঝুঁকি কম; বয়োজ্যেষ্ঠ বা ভারী ব্যায়ামকারীদের জন্যও উপযোগী।
মাঝারি তীব্রতার এই ব্যায়াম ট্রেডমিলে সহজেই চর্চা করা যায় এবং অভ্যাস ধরে রাখা সহজ। সমতল হাঁটার অভ্যাস থাকলে বা কোনো ব্যায়াম না করলেও এটি কঠিন নয়। তবে পাহাড়ি পথে করলে অনভ্যস্তদের জন্য কঠিন এবং নিরাপত্তা বিবেচনা করতে হয়।
ব্যায়াম দীর্ঘমেয়াদি, নিয়মিত করলে ওজন নিয়ন্ত্রণ ও ফিটনেস পাওয়া যায়। সুবিধাজনক মাঝারি তীব্রতার ব্যায়াম বেছে নিন। ইনক্লাইন ওয়াকিং শুরু করতে ট্রেডমিলে অল্প ঢালু করে গতি ধীর রাখুন, ধীরে ধীরে বাড়ান। ক্যালরি পোড়ানোর পাশাপাশি পেশি জোরদারকারী (মাসল স্ট্রেনদেনিং) ও ভারসাম্য ব্যায়াম সপ্তাহে অন্তত দুই দিন করুন।
শহুরে জীবনে দৌড়ানোর জায়গা না পাওয়া, অন্ধকার, বৃষ্টি বা কুয়াশায় দৌড় কঠিন হতে পারে, যা ইনক্লাইন ওয়াকিংকে এগিয়ে রাখে।
সমতল দৌড়ে সমতল হাঁটার চেয়ে প্রায় দ্বিগুণ বা তার বেশি ক্যালরি পোড়ানো যায়, মেদ কমে এবং পায়ের পেশি জোরদার হয়। তবে জোরে দৌড়াতে জয়েন্টে বেশি চাপ পড়ে, ফিটনেস না থাকলে পড়ে যাওয়ার ঝুঁকি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের জন্য ঝুঁকিপূর্ণ। হাঁটু বা পায়ের জয়েন্টের সমস্যাযুক্তদের জন্য কষ্টকর এবং নিয়মিত অভ্যাস ধরে রাখা চ্যালেঞ্জিং।






