দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। এর ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখও নির্ধারণ করেন।

তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এদের মধ্যে মোশারফ হোসেন আদালতে হাজির ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলা দায়ের করেন। এতে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করতে সহযোগীদের দিয়ে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।

এজাহারে আরও জানানো হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে সেই অর্থ উত্তোলিত হয় বলে দাবি করা হয়েছে। তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় চালু করে নিম্ন আদালতে পাঠান।