বৈশাখের লাল-সাদা ঐতিহ্যকে নতুন ছোঁয়ায় উপস্থাপন করতে চায় জেন-জি প্রজন্ম। তারা নিয়মের বাঁধন ছাড়াই নিজস্ব স্টাইলে উৎসবমুখর হতে প্রস্তুত। শাড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের পোশাক, নিরীক্ষামূলক স্বাচ্ছন্দ্য এবং ব্যক্তিত্বের ছাপ এবারের সাজে প্রাধান্য পাবে। এই আধুনিক বৈশাখী লুক তুলে ধরেছেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী বিদুষী বর্ণিতা।

গরমের আরামদায়ক সাজ বেছে নিচ্ছে জেন-জি প্রজন্ম। হাতাকাটা সাদা কামিজের ওপর লাল রঙের সুতির কোট পরা যেতে পারে। গয়না এবং চুলের সাজে এবার বেশি জোর। দুই বেণিতে রঙিন ফিতা জড়ানো, হাতে বিডসের মোটা বালা, কানে ছোট দুল। চোখের উপরের পাতায় টানা সাদা চিকন আইলাইনার সাজে এনেছে স্নিগ্ধতা।

এই সাজে প্রথম নজর কাড়বে চোখের রং—উজ্জ্বল বেগুনি টানা আইলাইনার এবং কমলা আইশ্যাডো চোখকে প্রাণবন্ত করে তুলেছে। স্বাভাবিক আভা বজায় রেখে গালে হালকা পিঙ্ক ব্লাশ এনেছে সতেজতা। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক সমগ্র সাজে সামঞ্জস্য এনেছে। পরিপাটি সিঁথি করে দুটি বেণির খোঁপা বাঁধা হয়েছে। লম্বা ঝোলানো দুল সাজে উৎসবের আবহ যোগ করেছে।

চুলের সাজে রয়েছে বৈশাখী আনন্দ—রঙিন সুতোয় বানানো কৃত্রিম বেণি মাথায় ঘুরিয়ে এক পাশে আটকানো। সাধারণত বেণির শেষে বাঁধা হয় এমন টার্সেল এভাবেও স্টাইল করা যায়। চুলের এই সাজই লুকের মূল আকর্ষণ, যা উৎসবের উজ্জ্বলতা বাড়িয়েছে। হাতে আলতা ব্যবহারের প্রতি ঝোঁক দেখা যাচ্ছে।

শাড়ির পাড়ের রং চোখের আইশ্যাডোতে এসেছে। কোঁকড়া চুল খোলা রাখা হয়েছে। আঙুল ছুঁয়ে আলতার রঙ লাগানো, আঁচল সামনে এনে একটু ভিন্নভাবে পরা।

‘বৈশাখ আমার কাছে একেবারে নতুন কিছু শুরুর প্রতীক। জীবনের একটা দীর্ঘ পথ পেরিয়ে এসে এবারের বৈশাখ যেন আগের মতো নেই। গত বছর ছিলাম অনেকের মধ্যে একজন প্রতিযোগী, আর এখন আমি একজন প্রতিনিধি—এই পরিবর্তনই এবারের উৎসবকে আলাদা করে দিয়েছে। এখন অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে—আমার সাজ, আমার উপস্থিতি, আমার চলাফেরা থেকে কিছু শিখতে চাইতে পারে। তবে আমি মনে করি, সাজ শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; আমি চাই আমার বাইরের প্রকাশে যেন ভেতরের ব্যক্তিত্বেরও প্রতিফলন থাকে,’—এমনটাই জানালেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী বিদুষী বর্ণিতা।

ছোটবেলায় বৈশাখ ছিল সাধারণ—ঘরে পান্তা খাওয়া, মায়ের শাড়ি পরে ঠোঁটে লিপস্টিক মেখে বাইরে যাওয়া। এবারের বৈশাখ তাঁর জন্য বিশেষ, নতুন বছরের সঙ্গে জীবনেও নতুন অধ্যায় শুরু। জাঁকজমক পছন্দ করেন না, সরল উপস্থাপনা ভালোবাসেন। তবে উৎসবে হালকা রঙের ছোঁয়া থাকবে। মেকআপে ন্যাচারাল গ্লো লুক পছন্দ, যাতে সৌন্দর্যের পাশে আত্মবিশ্বাস ফুটে ওঠে।

বর্ণিতা জানালেন, ‘কীভাবে নিজেকে সাজাতে হয়, কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, লাক্স সুপারস্টারের যাত্রায় সেটা আমি শিখেছি, আগে এসব আমার ততটা জানা ছিল না। তাই আগের বৈশাখ আর এখনকার বৈশাখের মধ্যে আমার কাছে বড় পার্থক্য রয়েছে। এখন আমি আরও সচেতনভাবে, আরও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারি। এই অভিজ্ঞতা আর শেখাকে সঙ্গে নিয়েই এবারের বৈশাখ আমার কাছে নতুন শুরুর মতো।’