এক বছর বন্ধ থাকার পর পাবনায় আবার ফিরে আসছে রুচি বৈশাখী উৎসব। আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ এই উৎসবের আয়োজন করেছে।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, সকাল ৮টায় পাবনা শহরের স্বাধীনতা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। সকাল সাড়ে ৮টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশনা দেবেন। সংগীত শুনাবেন জেমস, ইমরান মাহমুদ, ঐশী এবং ম্যাজিক বাউলিয়ানার সেরা তিন শিল্পী। নৃত্য দেখাবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্রান্স ট্রুপ।
স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, “স্কয়ারের অগ্রযাত্রা পাবনা থেকে। পাবনার সঙ্গে আমাদের প্রাণের সম্পর্ক। জেলাবাসীর জন্য আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব বোধ থেকেই আমরা ঢাকার বাইরে বড় এই আয়োজন করছি। মানুষ উৎসব করুক, আনন্দ পাক, সেটাই আমাদের প্রত্যাশা।”
আয়োজক কর্তৃপক্ষ জানায়, করোনার প্রকোপ ও পবিত্র রমজান মাসের কারণে কয়েক বছর বৈশাখী উৎসব বন্ধ ছিল। ২০২৪ সালে সর্বশেষ এই উৎসব হয়। ২০২৫ সালে আয়োজন হয়নি। এক বছর পর জাঁকজমকপূর্ণভাবে উৎসবের আয়োজন করা হয়েছে।
শহরবাসীর মধ্যে উৎসব নিয়ে আনন্দের ছড়াছড়ি পড়েছে। আজ বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দেখা গেছে, মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ চলছে। সেখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে।
কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশিন আক্তার বলেন, “আমরা মফস্সলে থাকি, বড় কোনো আয়োজন পাই না। তাই অপেক্ষা থাকে রুচি বৈশাখী উৎসবের। এক বছর পর আয়োজনটি হচ্ছে। এতে আমরা খুশি।”
অনুষ্ঠান প্রস্তুতি দেখতে মেয়েকে নিয়ে এসেছেন শিক্ষক আবদুল খালেক। তিনি বলেন, “আমাদের জীবনে আনন্দের খোরাক কমে যাচ্ছে । কিছু আনন্দ ছাড়া জীবন চলতে পারে না। ফলে প্রতিটি উৎসবের মতোই পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।”
এদিকে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক, পাবনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করেছে।






