সমগ্র বিশ্বে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে বিভিন্ন সামগ্রী ও সানস্ক্রিন ব্যবহার করা হচ্ছে। প্রথমে সূর্যকিরণ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সূর্যকিরণে বিভিন্ন ধরনের রশ্মি রয়েছে, যেমন অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে। এটি আবার তিন ধরনের—আলট্রাভায়োলেট এ, বি ও সি। এছাড়া ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো এবং ইনফ্রারেড লাইট, যা এক্স-রেতে ব্যবহৃত হয়।

ত্বকের ক্ষতি করে অতি বেগুনি রশ্মি। আলট্রাভায়োলেট সি ওজোন স্তরে শোষিত হয়ে পৃথিবীতে পৌঁছায় না, তাই এটি ক্ষতি করে না। ক্ষতি করে আলট্রাভায়োলেট এ ও বি রশ্মি, যার মধ্যে সবচেয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেট বি।

অতি বেগুনি রশ্মি কী ক্ষতি করে

এই রশ্মির কারণে ত্বক পুড়ে যায় বা সানবার্ন হয়, লালচে বা বাদামি রং ধারণ করে। ফোসকা পড়ে, জ্বালাপোড়া করে, বলিরেখা পড়ে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বাড়ে এবং ত্বকের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। সবচেয়ে বেশি ক্ষতিকর সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা। মাঝ দুপুরে এটি ৩-৪ গুণ বেশি ক্ষতিকর হয়। বালু, বরফ, পানি ও পাহাড়ের উঁচুতে আলো বেশি প্রতিফলিত হয়, ফলে ক্ষতি আরও বাড়ে। মাঝদুপুরে সূর্যকিরণ এড়িয়ে চলতে হবে, ছায়ায় থাকার চেষ্টা করতে হবে, ছাতা ব্যবহার করতে হবে। পুরোনো ঢিলেঢালা কাপড়, টুপি পরুন এবং উপযুক্ত সানস্ক্রিন লাগান।

সানস্ক্রিন নিয়ে যা জানতে হবে

অতি বেগুনি রশ্মি থেকে ত্বকের সুরক্ষায় যে সামগ্রীগুলো ব্যবহার করা হয়, তা সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়, আর ফিজিক্যাল সানস্ক্রিন এগুলো ব্লক করে দেয়। সানস্ক্রিন স্প্রে, ক্রিম বা জেল আকারে পাওয়া যায়।

যে সানস্ক্রিন আলট্রাভায়োলেট এ ও বি—উভয় রশ্মির ক্ষতি কমাতে পারে, তা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন নামে পরিচিত। প্রতিটি সানস্ক্রিনের প্যাকেটে এসপিএফ লেবেল থাকে। এসপিএফ মানে সান প্রটেকটিভ ফ্যাক্টর, অর্থাৎ অতি বেগুনি রশ্মি থেকে প্রতিরোধ ক্ষমতা কতটা। ত্বকের ধরন অনুযায়ী এসপিএফ নির্ধারিত হয়। এই উপমহাদেশের মানুষের ত্বক টাইপ-৪ ও ৫-এর মধ্যে, তাই আমাদের জন্য এসপিএফ ৩০+ থেকে এসপিএফ ৫০+ ব্যবহার করা উত্তম।

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

সবচেয়ে ভালো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। বাইরে বের হওয়ার ২০-৩০ মিনিট আগে শরীরের উন্মুক্ত অংশে লাগাতে হবে। ঘাম বেশি হলে বা সানস্ক্রিন ধুয়ে ফেললে আবার লাগাতে হবে। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিতে চর্মরোগবিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডা. মো. মোশাররফ হোসেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা