দেশে এখন হামের প্রাদুর্ভাব চলছে। শিশুদের মধ্যে হামের মতোই আরেকটি ছোঁয়াচে রোগ হলো রুবেলা, যা জার্মান মিসেলস নামেও পরিচিত। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরে র‍্যাশ, গলার পাশে ও কানের লতির পেছনে গ্রন্থি ফোলা-ব্যথা। একটু বড় বয়সী শিশুদের ক্ষেত্রে পেটের সমস্যা বা রক্তপাতের মতো মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে। গর্ভাবস্থার প্রথম ধাপে এর সংক্রমণ হলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ে।

রুবেলা কীভাবে ছড়ায়

আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচি বা গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে গর্ভপাতের মাধ্যমে রুবেলার ভাইরাস ছড়ায়। আক্রান্ত শিশু বা ব্যক্তির সর্দি-কাশি, রক্তে বা মল-মূত্রে ভাইরাস থাকে। র‍্যাশ দেখা যাওয়ার প্রায় এক সপ্তাহ পর্যন্ত থুতু বা সর্দিতে জীবাণু পাওয়া যায়। টিকা না নিলে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুরা বেশিরভাগই এতে আক্রান্ত হয়। ঘিঞ্জি পরিবেশ এবং স্কুলে রোগটি দ্রুত বিস্তার লাভ করে। একবার রুবেলায় আক্রান্ত হলে সারাজীবনের জন্য রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

যেসব লক্ষণ থাকে

সংক্রমণের ১৪ থেকে ২১ দিন পর রুবেলার উপসর্গ দেখা দেয়। হামের তুলনায় এর প্রাথমিক লক্ষণগুলো হালকা হয়। সর্দি-কাশি বা জ্বর না-ও হতে পারে, তবে গ্রন্থি ফোলা-ব্যথা র‍্যাশের ২৪ ঘণ্টা আগে শুরু হয়। এসব উপসর্গ প্রায় এক সপ্তাহ স্থায়ী হয়। মুখ, পেট, পিঠসহ সারা শরীরে র‍্যাশ একই দিনে ছড়িয়ে পড়ে এবং তিন দিনের মধ্যে মিলিয়ে যায়। এতে সামান্য চুলকানি হতে পারে। রোজিওলা ইনফ্যান্টাম বা ওষুধজনিত র‍্যাশের মতো রোগ থেকে এটি আলাদা করা খুব জরুরি।

চিকিৎসা ও ব্যবস্থাপনা

  • জ্বর নিয়ন্ত্রণ এবং খাদ্য-পুষ্টির ব্যবস্থা রাখা।
  • ব্যাকটেরিয়া সংক্রমণ হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।
  • ১৫ মাস বয়স থেকে রুবেলা টিকা দেওয়া, যা ৯৮ শতাংশ ক্ষেত্রে কার্যকর।
  • গর্ভধারণক্ষম নারীদের টিকার পর তিন মাস গর্ভধারণ এড়ানো; গর্ভকালে টিকা নিষিদ্ধ।
  • শিশুর ১৫ মাস বয়স থেকে মিজেলস, মাম্পাস ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকা দিতে হবে।

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল