চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় একটি সড়কের এক পাশ ধসে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশে সড়কের কিছু অংশ ধসে পড়ে। ফলে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ধসে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরক্ষাদেয়াল নির্মাণকাজ চলছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

প্রকল্পের আওতায় প্রবর্তক মোড়ে হিজড়া খালের ওপর প্রায় তিন বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। বর্তমানে খালের পাশে প্রতিরক্ষাদেয়াল তৈরির কাজ চলছে।

আজ বিকেলে সরেজমিনে দেখা গেছে, প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বিপরীতে সড়কের এক পাশ ধসে বড় গর্ত হয়েছে। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বালুর বস্তা ফেলে গর্ত ভরাটের চেষ্টা করছেন। এ সময় সড়কে ফিতা টেনে দেওয়া হয়েছে। ফলে চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যায়। বাকি অংশ দিয়ে যান চলাচল করায় যাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে।

সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “কী কারণে সড়কটি দেবে গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। আপাতত বালুর বস্তা ফেলে ভরাট করা হচ্ছে। বৃষ্টি থামলে পুরো অংশ সংস্কার করা হবে।”