প্রাক্তনের বিয়ের দাওয়াতে যাওয়া কি ঠিক হবে—এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হলো, ‘কী দরকার!’ তবে বেশিরভাগের ক্ষেত্রে প্রশ্নটাই ওঠে না।
আমার চাচাতো ভাই আবিদের (ছদ্মনাম) বিয়েতে দুই বন্ধু নিয়ে দাওয়াতে এসেছিলেন সুমন (ছদ্মনাম) নামের একজন। সুমন সেই বিয়ের ভ্লগ তৈরি করেছেন এবং শিরোনাম দিয়েছেন, ‘প্রাক্তনের বিয়েতে যা যা খেলাম’।
সেই ভিডিও আবিদের চোখে পড়ে যায়। অনেকে তাকে ট্যাগ করেছে, ইনবক্সে পাঠিয়েছে। আবিদ তার স্ত্রী সাদিয়াকে (ছদ্মনাম) বিষয়টি জিজ্ঞাসা করেন।
সাদিয়া জানান, সুমন তাঁর এলাকার ছেলে। টিকটক করে। ভ্লগ বানায়। সুমনের সঙ্গে রাস্তায় দু'একবার দেখা হয়েছে, হাই-হ্যালো হয়েছে। তবে কখনোই সাদিয়ার সঙ্গে সুমনের কোনো সম্পর্ক ছিল না।
কে সুমনকে বিয়েতে দাওয়াত দিয়েছে, সাদিয়ার কোনো ধারণা নেই। এ নিয়ে আবিদ ও সাদিয়ার মধ্যে কিছুটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে।
সম্পর্ক বিশেষজ্ঞরা প্রাক্তনের বিয়েতে যাওয়া বা না যাওয়ার বিষয়ে বিভিন্ন দিক থেকে মতামত দিয়েছেন। তাঁরা মূলত মানসিক স্বাস্থ্য, সম্পর্কের গুণমান এবং সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে পরামর্শ দিয়েছেন।
প্রাক্তনের বিয়েতে যাওয়া না যাওয়া নির্ভর করে আপনার মানসিক প্রস্তুতির ওপর। যদি এখনো মনে কষ্ট, বিদ্বেষ বা ঈর্ষা থাকে, তাহলে প্রাক্তনের বিয়েতে আপনার উপস্থিতি মানসিক জটিলতা বাড়াতে পারে।জন গটম্যান, মার্কিন বৈবাহিক সম্পর্ক বিশেষজ্ঞ
সম্পর্ক বিশেষজ্ঞরা বিয়েতে উপস্থিত হওয়ার চেয়ে দূর থেকে শুভেচ্ছা বা উপহার পাঠানোকে ভালো বিকল্প হিসেবে সুপারিশ করেছেন।
কানাডীয় মানসিক স্বাস্থ্য ও সম্পর্ক বিশেষজ্ঞ হেনরি ক্লার্ক প্রাক্তনের বিয়েতে উপস্থিত হওয়াকে ‘মানসিকভাবে ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বর্তমান সঙ্গীর মানসিক স্বাস্থ্যকে সবার আগে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন।
হেনরি আরও বলেন, ‘এমনিতেই দুজন ব্যক্তির দাম্পত্য বা রোমান্টিক সম্পর্কে জটিলতার অন্ত নেই। তাই যেসব ইয়েলো ফ্ল্যাগ অর্থাৎ সবুজ ও লালের মাঝামাঝি, সেসব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই এড়িয়ে যাবেন।’
যদি সম্পর্ক ইতিবাচকভাবে শেষ হয়, আপনারা যদি সত্যিকারের “প্লেটোনিক বন্ধু” হিসেবে সম্পর্ক চলমান রাখেন বা একই বন্ধুবলয়ের সদস্য হন, সে ক্ষেত্রে প্রাক্তনের বিয়েতে ক্ষণিকের উপস্থিতি বা শুভেচ্ছা জানানো মন্দ নয়। তবে সম্মানজনক, নিরাপদ দূরত্ব বজায় রাখতেই হবে। যাতে পুরোনো কোনো আবেগ জেগে ওঠার সম্ভাবনা না থাকে।স্যান্ড্রা মিশেল, মার্কিন রিলেশনশিপ কোচ
আপনার নতুন সঙ্গী আপনার ও প্রাক্তনের মধ্যে অতীতের আবেগ সহজে সামলাতে পারলে যেতে পারেন। এক কথায়, নতুন সঙ্গী যদি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন, ‘স্পোর্টিংলি’ নেন, তবেই।
অনেক সময় দেখা যায়, মনের আনন্দে সঙ্গী প্রাক্তনের বিয়েতে গেলেও ফিরে এসে মনে নানা প্রশ্ন জাগে। ফিরে আসার পর তিনি গম্ভীর হয়ে যান।
সেখানকার কোনো ছোটখাটো কথা বা ঘটনা সঙ্গীর মনে কাঁটা বিঁধিয়ে রাখতে পারে। সঙ্গী মানসিক জটিলতার মধ্য দিয়ে যেতে থাকেন।
তাই সঙ্গী যদি সংবেদনশীল মনের অধিকারী হন, তাঁকে না নিয়ে যাওয়াই ভালো। সামাজিক বলয় কীভাবে বিষয়টি নিচ্ছে, সেটিও বিবেচনা করতে হবে।
এক কথায়, প্রাক্তনের বিয়েতে উপস্থিত হলে যদি প্রাক্তন, আপনি বা সঙ্গীর মধ্যে অস্বস্তি, অনিশ্চয়তা বা বিব্রত ভাব তৈরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে যাওয়া মোটেও উচিত নয়।
সূত্র: ব্রাইডস স্টোরি






