ওষুধ, চামড়ার পণ্য বা ইলেকট্রনিকসের বাক্স খুললেই ভেতরে ছোট ছোট সাদা প্যাকেট চোখে পড়ে। অনেকে এগুলো সরাসরি ফেলে দেন। কিন্তু এখন থেকে সিলিকা জেলের এই প্যাকেটগুলো রাখুন, কারণ এগুলো আপনার ঘরের নানা জিনিস ভালো অবস্থায় রাখতে সাহায্য করবে এবং পরিবেশের জন্যও উপকারী। আর্দ্রতা বেশি জায়গায় এগুলো বিশেষ কাজ করে। ঘর বা অফিসে নিরাপদে ব্যবহার করা যায়। তবে এগুলো রোজকার জীবনে ঠিক কীভাবে কাজে লাগে? বারবার ব্যবহার নিরাপদ কি না? ভুল করে খেয়ে ফেললে কী হয়? আসুন জেনে নিই।

অনলাইনে নতুন জুতো বা ওষুধের বাক্স খুললে ছোট সাদা প্যাকেট দেখা যায়। প্যাকেটে লেখা ‘THROW AWAY, DO NOT EAT’। অর্থাৎ ফেলে দিন, খাবেন না। এটুকুই আমরা জানি।

অনেকে ভাবেন এটা বিষাক্ত বা আবর্জনা, তাই ডাস্টবিনে ফেলে দেন।

কিন্তু এই প্যাকেটগুলো আসলে বড় উপহার। রান্নাঘর থেকে আলমারি, শখের গ্যাজেট পর্যন্ত সবকিছু রক্ষা করতে এগুলো জাদুর মতো কাজ করে।

কেন পণ্যের সঙ্গে এগুলো দেওয়া হয়? কেন ফেলে না রেখে যত্ন করা উচিত? আসুন সিলিকা জেলের কার্যকারিতা জানি।

সিলিকা জেল মূলত এক ধরনের বালু, বিজ্ঞানের ভাষায় সিলিকন ডাই-অক্সাইড। কোয়ার্টজ পাথরের উপাদান। নামে জেল থাকলেও নরম নয়, ছোট কাচের দানার মতো শক্ত পুঁতি। প্রতিটি পুঁতিতে হাজার হাজার সূক্ষ্ম ছিদ্র।

এই ছিদ্র দিয়ে বাতাস থেকে প্রচুর জলীয় বাষ্প শোষণ করে, নিজের ওজনের ৪০ শতাংশ পর্যন্ত পানি শুষে নিতে পারে। এটাকে ঘরের ছোট ডিহিউমিডিফায়ার বলা যায়।

শুকনো জিনিস আর্দ্রতা থেকে বাঁচাতে এটি ব্যবহৃত হয়। পানি শুষে নিলে দানাগুলো কিছুটা নরম হয়, তাই নাম সিলিকা জেল।

প্যাকেটের মূল কাজ ভেতরের বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প শোষণ করা, যাতে জিনিসপত্র ক্ষতিগ্রস্ত না হয়। কোম্পানিগুলো পাঁচ কারণে এটি ব্যবহার করে।

১. আর্দ্রতা কমানো: বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প শুষে জিনিস শুকনো রাখে।

২. ছাতা বা ছত্রাক থেকে সুরক্ষা: আর্দ্রতা না থাকলে খাবার বা চামড়ায় ছত্রাক ধরে না।

৩. দীর্ঘদিন ভালো রাখা: ওষুধের গুণাগুণ বজায় রাখে, খাবার তাজা রাখে।

৪. দামি ইলেকট্রনিকসকে রক্ষা: ক্যামেরা, ল্যাপটপ, মুঠোফোন, গেমিং কনসোলের সূক্ষ্ম যন্ত্রাংশ মরিচা থেকে বাঁচায়।

৫. পণ্যের মান ঠিক রাখা: জুতার চকচকে ভাব, নতুন গন্ধ ধরে রাখে। চামড়ায় ছত্রাক প্রতিরোধ করে।

শুকনো যেকোনো জিনিস দীর্ঘদিন ভালো রাখতে এগুলো ব্যবহার করুন। ঘরের নানা কাজে ম্যাজিকের মতো কাজ করে। কোথায় ব্যবহার যায়:

  • মেকআপ বক্সে রাখলে আইশ্যাডো দলা পাকায় না।
  • লবণের বয়াম বা মসলার জারে রাখলে ঝরঝরে থাকে।
  • রুপা-সোনার গয়নার বাক্সে কালচে হওয়া রোধ করে।
  • চিপস-বিস্কুটের প্যাকেটে রাখলে মুচমুচে থাকে।
  • জিম ব্যাগ বা ব্যাকপ্যাকে দুর্গন্ধ দূর করে।
  • জুতার ভেতর রাখলে স্যাঁতসেঁতে ভাব যায় না।
  • গিটার বা বেহালার বক্সে আর্দ্রতা থেকে বাঁচায়।
  • পুরোনো চিঠি, ডায়েরি ড্রয়ারে রাখলে নষ্ট হয় না।

সিলিকা জেল আজীবন কাজ করে না। প্যাকেটভেদে ৩০ থেকে ৬০ দিন কার্যকর। নরম হয়ে গেলে বদলান। কিছু ব্র্যান্ড রং বদলায়—সাদা থেকে গোলাপি বা নীল।

নতুন পণ্য থেকে পাওয়া প্যাকেটের মেয়াদ আগেই শেষ হতে পারে। নিয়মিত চেক করুন বা বাজার থেকে কিনুন।

ভালো ফল পেতে সঠিক পরিমাণ ব্যবহার করুন—কম হলে লাভ নেই, বেশি হলে জিনিস শুকিয়ে ভাঙতে পারে। অনলাইনে ক্যালকুলেটর ব্যবহার করুন। পুরোনো প্যাকেট কয়েকবার ব্যবহার করে বুঝবেন।

খোলা বাতাসে রাখলে দ্রুত শেষ হয়। এয়ারটাইট পাত্রে সবচেয়ে ভালো কাজ করে। বায়ুরোধী বাক্স না থাকলে প্লাস্টিক ব্যাগ বা বয়ামে রাখুন।

‘খাবেন না’ লেখা দেখে ভয় পাই, ভাবি বিষ। আসলে সিলিকা জেল বিষ নয়, গলায় আটকে শ্বাসরোধ হতে পারে। কিছু ব্র্যান্ডে কোবাল্ট ক্ষতিকর। দু-এক দানা গিললে চা-চামচ বালি খাওয়ার মতো, ক্ষতি নেই। শরীর শুকিয়ে যায় না। হাতে ধরলে ত্বক নষ্ট করে না, তবে সংবেদনশীল ত্বকে সতর্কতা অবলম্বন করুন।
সূত্র: রিডার্স ডাইজেস্ট