সাধারণত শিশুদের জিন ৫০ শতাংশ মায়ের কাছ থেকে এবং ৫০ শতাংশ বাবার কাছ থেকে আসে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাবার জিনের প্রভাবে বিশেষভাবে নির্ধারিত হয়। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণালব্ধ নিবন্ধে ছয়টি প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, যা শিশুতে বাবার দিক থেকে আসার সম্ভাবনা বেশি।
শিশুর উচ্চতায় মা-বাবা উভয়ের জিনই প্রভাব ফেলে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাবার জিনে থাকা বৃদ্ধিদায়ক জিন (ইনসুলিন–লাইক গ্রোথ ফ্যাক্টর) এতে বড় ভূমিকা পালন করে। তাই বাবা যদি লম্বা হন, তাহলে শিশুর উচ্চতাও বাবার মতো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
শিশুর ছেলে বা মেয়ে হওয়া পুরোপুরি বাবার ক্রোমোজোমের ওপর নির্ভর করে। মানুষের লিঙ্গ নির্ধারণ হয় সেক্স ক্রোমোজোমের মাধ্যমে। নারীর ক্রোমোজোম XX এবং পুরুষের XY। মায়ের ডিম্বাণু সর্বদা শুধু X ক্রোমোজোম বহন করে।
বাবার শুক্রাণু দুই ধরনের—এক ধরন X এবং অন্য ধরন Y ক্রোমোজোম বহন করে। বাবার X শুক্রাণু যদি মায়ের X-এর সঙ্গে যুক্ত হয়, তাহলে শিশুর ক্রোমোজোম হয় XX, অর্থাৎ সন্তান হয় মেয়ে।
অন্যদিকে, বাবার Y শুক্রাণু মায়ের X-এর সঙ্গে মিললে শিশুর ক্রোমোজোম হয় XY, অর্থাৎ শিশু হয় ছেলে। সুতরাং লিঙ্গ নির্ধারণে বাবার ক্রোমোজোমই নিয়ন্ত্রণ করে।
বাবার বয়স এবং জিনের বৈশিষ্ট্য শিশুর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। পুরুষ যদি ৪০ বছর অতিক্রম করে বাবা হন, তাহলে শিশুর মানসিক অসুস্থতার ঝুঁকি (যেমন এডিএইচডি বা বাইপোলার টেনডেন্সি) বাড়তে পারে। যদিও এসব ঝুঁকি অন্যান্য কারণের ওপরও নির্ভরশীল।
ছেলেশিশুর Y ক্রোমোজোম সম্পূর্ণ বাবার কাছ থেকে আসে। এতে বিশেষ জিনগুলো (যেমন: পুরুষ লিঙ্গ বৈশিষ্ট্য, স্পার্ম উৎপাদন–সংক্রান্ত জিন) থাকে। ফলে কিছু বিরল Y লিংকড ডিজঅর্ডারের ঝুঁকিও থাকে।
ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য যেমন মেজাজ, আচরণ ও চিন্তাভাবনা বাবার জিন থেকে আসে। গবেষণায় দেখা গেছে, কিছু আচরণে বাবার জিনের ভূমিকা ৩০–৬০ শতাংশ পর্যন্ত হতে পারে। শিশুর সাহস, অ্যাডভেঞ্চারপ্রিয়তা বা নতুন কিছু চেষ্টা করার মনোভাব বাবার কাছ থেকে আসার সম্ভাবনা বেশি। তবে পারিবারিক ও সামাজিক পরিবেশও এতে প্রভাব ফেলে।
শরীরে দুই ধরনের চর্বি থাকে—ব্রাউন ফ্যাট (শক্তির উৎস) এবং হোয়াইট ফ্যাট (শরীরে জমা হয়)। গবেষণায় প্রমাণিত হয়েছে, হোয়াইট ফ্যাট কতটা সঞ্চিত হবে তা বাবার জিন বেশি নিয়ন্ত্রণ করে। তবে খাদ্যাভ্যাস ও জীবনধারা এতে বড় ভূমিকা রাখে।
সূত্র: ফ্যামিলি এডুকেশন






