পুলিশ সদর দপ্তরে মাল্টার হাইকমিশনার রিউবেন গাউচির নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ মঙ্গলবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় মাল্টার রাষ্ট্রদূত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের কথা উল্লেখ করে প্রশংসা করেন। আইনশাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা তুলে ধরে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার অপরাধ, মানব পাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। পাশাপাশি তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।