সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের জায়গায় সরকার নতুন সচিব নিয়োগ দিয়েছে। এছাড়া এক সচিবের প্রত্যাহার আদেশ স্থগিত এবং আরেকজনের পদ পরিবর্তন করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা কানিজ মওলাকে নতুন সচিব করা হয়েছে। এর আগে ২৫ মার্চ তাঁকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছিল। আর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের বর্তমান সচিব সিরাজুন নূর চৌধুরীকে ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিযুক্ত হয়েছেন মো. আশরাফুল ইসলাম। তিনি এতদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এখন তাঁকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

অন্যদিকে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের পরিবর্তে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। ২৫ মার্চ তাঁকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে নিয়োগ করা হয়েছিল। এখন সেই নিয়োগ পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সচিবসহ জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করছে।