দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট থেকে উত্তর কৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয় যুবদলের উদ্যোগে সংস্কার করা হয়েছে। এতে করে হাজারো পথচারী ও যানবাহন চলাচলকারীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটি দিয়ে সড়কটি সংস্কার করেন। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সড়কজুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পানি জমে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর উদ্যোগ না থাকায় এলাকাবাসী হতাশ হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে যুবদলের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে এটি খানাখন্দে ভরে গিয়ে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। সাধারণ মানুষের কষ্ট আমরা সরাসরি দেখেছি। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “আমরা সাধ্যের মধ্যে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি। নতুন করে স্থায়ীভাবে সড়ক নির্মাণ না হওয়া পর্যন্ত যাতে এলাকার মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেই লক্ষ্যেই এই অস্থায়ী সংস্কার কাজ করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, আতিকুর হাসান সোহাগ, রেজহাত হোসেন রনি, নয়ন প্রধান, সাদ্দাম হোসেন, রাজীব, আকাশ, ফজল, শাকিল, ছাত্রদল নেতা পিয়াস আহমেদ পৃথিবী, আল ইমরান মন্ডল, ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
এলাকাবাসী যুবদলের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় আখ্যা দিয়ে দ্রুত স্থায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।