কুমিল্লার আদর্শ সদর উপজেলায় চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে দীর্ঘ ১৩ ঘণ্টা শিকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক চা-দোকানি ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এই অমানবিক নির্যাতনের সময় শিশুটির মাথার চুল এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয় বলে জানা গেছে। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার একটি বাজারে শিশুটিকে আটকে রেখে এই নির্যাতন চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। নির্যাতনের শিকার শিশুটির মা সোমবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ওই বাজারের চা-দোকানি বাবুল হোসেন (৪৯) এবং তাঁর ভাতিজা সায়মন হোসেনের (২০) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও দুই থেকে তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার পুলিশ বাবুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটি বাজারের এক পাশে ঘাসের ওপর বসে আছে এবং তার ডান পায়ে লোহার শিকল পরানো। তার মাথার চুলগুলো এবড়োখেবড়ো করে কাটা। ভিডিওতে এক ব্যক্তিকে শিশুটির পরিচয় এবং তাকে সেখানে বেঁধে রাখার কারণ জানতে চাওয়া হয়। শিশুটি নিজের নাম বলে এবং জানায় যে, দোকান থেকে চুরির অভিযোগে আগের দিন রাত থেকে তাকে সেখানে বেঁধে রাখা হয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা তাঁর এজাহারে উল্লেখ করেন, সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন যে তাঁর ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর আগের দিন রাতে তাঁর ছেলে এবং তার এক বন্ধু (১১)-এর বিরুদ্ধে বাবুলের চায়ের দোকানে চুরির অভিযোগ করা হয়। এরপর বাবুলসহ কয়েকজন তাদের আটক করেন।

এজাহারে আরও বলা হয়, বাবুলের দোকানে বাজার সমিতির জমা রাখা ৪৪ হাজার টাকা খোয়া গিয়েছিল। এই ঘটনায় বাবুল শিশুটিকে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে শিশুটি ও তার বন্ধু টাকা নেওয়ার কথা স্বীকার করে। তখন শিশুটির কাছ থেকে ২০ হাজার টাকা ফেরত নেওয়া হয়, তবে তার বন্ধু টাকা ফেরত না দিয়ে পালিয়ে যায়। এরপরই বাবুলসহ অন্যরা শিশুটিকে শিকল দিয়ে বেঁধে রাখেন। বাবুলের ভাতিজা সায়মন শিশুটির মাথার চুল এবড়োখেবড়ো করে কেটে দেন। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, তারা শিশুটিকে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার মুক্তকণ্ঠকে বলেন, “দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটির ওপর নির্যাতন করা হয়। বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গত রোববার দিবাগত রাত তিনটা থেকে পরদিন সোমবার বিকেল চারটা পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টা শিশুটি শিকলে বাঁধা ছিল। ওই দিন রাতে শিশুটির মায়ের করা মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়।”

ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, “শিশুটি যদি চুরি করেও থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে।” তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।