কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী একটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলেই তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি তিনি এলাকায় ফিরে দলকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান আ ফ ম আহসান উদ্দিন টুটুল। তিনি সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে টুটুলের পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, জুলাই আন্দোলনের ঘটনায় টুটুলের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।