কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, “নাশকতার পরিকল্পনার অভিযোগে সুমন দাশকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার বিকেলের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

ওসি আরও উল্লেখ করেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।