ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা-মে ২০২৬-এ সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এই স্বীকৃতিস্বরূপ নবীন চিকিৎসকদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনটি নবীন চিকিৎসকদের জন্য উৎসাহ, স্বীকৃতি এবং উৎসর্গের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের মতে, সাধারণ মানুষ সাধারণত চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে খুব বেশি অবগত থাকেন না। তাই মেধাবী চিকিৎসকদের যথাযথ স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করার পাশাপাশি বিষয়টি জনসাধারণের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’র প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
ডা. আশীষ বলেন, ‘চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সব সময় মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাসহ সারা দেশের জটিল ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল। এছাড়া বক্তব্য রাখেন গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা. আবদুন নূর তুষার, শিক্ষকদের প্রতিনিধি হিসেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু এবং গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে এটিএন বাংলার সিইও অ্যান্ড অ্যাডভাইজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।
বক্তব্যের মাধ্যমে অতিথিরা এই আয়োজনকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মেধাবী চিকিৎসকরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া নবীন চিকিৎসকেরা হলেন:
প্রথম: ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩৩৭
দ্বিতীয়: ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩৩৪
তৃতীয়: ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১৩০৮
চতুর্থ: ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯২
পঞ্চম (যুগ্ম): ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯০
পঞ্চম (যুগ্ম): ডা. মো: তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৯০
সপ্তম: ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৯
অষ্টম (যুগ্ম): ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮
অষ্টম (যুগ্ম): ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮
অষ্টম (যুগ্ম): ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)—প্রাপ্ত নম্বর ১২৮৮
অনুষ্ঠানে আগত অতিথিদেরও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান এবং সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।