বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে পাকিস্তানে। দেশটির বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিশেষ সুযোগ দিচ্ছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মোট ২৫ জন বাংলাদেশি শিক্ষার্থী এই সুযোগটি লাভ করবেন।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সেশনের (২০২৬-২৭) অধীনে পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে ৫টি আসন রাখা হয়েছে।
আবেদন প্রক্রিয়া এবং এই প্রোগ্রামের বিস্তারিত তথ্যাদি মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ আবেদনপত্র আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।