বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল পাকিস্তান। দেশটির বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিশেষ সুযোগ দিচ্ছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মোট ২৫ জন বাংলাদেশি শিক্ষার্থী এই সুযোগটি লাভ করবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পাকিস্তান সরকার তাদের 'পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম' সেশনের (২০২৬-২৭) অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রামের আওতায় মোট ২০টি আসনে এমবিবিএস এবং ৫টি আসনে বিডিএস কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় আবেদনপত্র মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ আবেদনপত্রটি আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।