২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিএমডিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে এই নীতিমালাটি প্রকাশ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, টানা দ্বিতীয়বারের মতো একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা নেওয়া হবে। এই নির্দেশিকাটি ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬-২০২৭’ নামে অভিহিত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য এই অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমেই পরীক্ষা হবে। তবে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেষ করেছেন এবং ইংরেজিতেই ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, তাদের জন্য আলাদাভাবে ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

লিখিত ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। বিষয়ভিত্তিক নম্বর বন্টন নিম্নরূপ: পদার্থবিজ্ঞানে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর। উল্লেখ্য, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পাওয়া পরীক্ষার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন এবং তারা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন না। পুরো পরীক্ষার জন্য সময় বরাদ্দ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।

সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা গত বছরের মতোই রাখা হয়েছে। তবে বিদেশি শিক্ষার্থী এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য জিপিএ-র শর্ত কিছুটা শিথিল করা হয়েছে।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মিলিয়ে ন্যূনতম ৮.৫০ জিপিএ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকা আবশ্যক। পাশাপাশি এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয় দুটি থাকা বাধ্যতামূলক।

অন্যদিকে, দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী, অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। তাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট সর্বনিম্ন জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে। এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে ৩.৫০ গ্রেড পয়েন্টের শর্ত ছিল এবং এককভাবে কোনো পরীক্ষায় ৩.৫০-এর কম থাকলে অযোগ্য ঘোষণা করা হতো। এ বছর সেই শর্তগুলো রাখা হয়নি।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে, উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় ৩.০০-এর কম থাকলে তারা আবেদনের অযোগ্য হবেন। গত বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৭.০০, জীববিজ্ঞানে ৩.৫০ এবং এককভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্টের শর্ত ছিল।