সতর্কতা: লেখাটিতে স্পয়লার আছে

একটি রাজকীয় বিচ্ছেদের করুণ কাহিনী দিয়ে শুরু হয়েছিল এই গল্পের যাত্রা। তবে সেই বিচ্ছেদ যে একসময় বিশ্বজুড়ে কোটি কোটি পাঠক ও দর্শকের আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা হয়তো নির্মাতারাও শুরুতে কল্পনা করেননি। স্বামী সম্রাটের পরকীয়া, প্রাসাদে নতুন নারীর আগমন এবং ক্ষমতা হারানোর প্রবল আশঙ্কা—সবকিছুর মোকাবিলা করেছেন সম্রাজ্ঞী নাভিয়ের। তিনি মাথা নত করেননি। বরং স্বামীর কাছ থেকে বিচ্ছেদের প্রস্তাব পাওয়ার পর তিনি এমন এক শর্ত বা দাবি সামনে এনেছিলেন, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়।

নাভিয়েরের সেই দাবিটি ছিল, তিনি বিচ্ছেদে সম্মতি দেবেন, তবে শর্ত হলো তাঁকে অন্য একজনকে বিয়ে করার অনুমতি দিতে হবে।

এই একটি সাহসী সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় প্রেম, প্রতিশোধ, রাজনীতি এবং ক্ষমতার এক জটিল আখ্যান—‘দ্য রিম্যারিড এমপ্রেস’। দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ওয়েব নভেল ও ওয়েবটুন অবলম্বনে তৈরি ডিজনি প্লাসের এই সিরিজটি বর্তমানে আন্তর্জাতিক দর্শকদের আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে গল্পের শেষ পর্বে কী ঘটবে, নাভিয়েরের ভাগ্যে কী লেখা আছে, সম্রাট সোভিয়েশুর পরিণতি কী হবে কিংবা রাশতার শেষ রক্ষা হবে কি না—এসব প্রশ্ন ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।

আট বছরের দীর্ঘ পথ পেরিয়ে বিশ্বজয়ের গল্প বলা ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর জন্ম হয়েছিল টেলিভিশনের পর্দায় নয়, বরং অনলাইন সাহিত্যের ডিজিটাল জগতে। লেখক আলফাটার্টের লেখা ওয়েব নভেলটি ২০১৮ সালের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার নাভিয়ের প্ল্যাটফর্মে প্রথম প্রকাশ পায়। রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের এই গল্পটি খুব অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে গল্পটি ওয়েবটুনের রূপ নেয়। লেখক হিয়ারি এবং চিত্রশিল্পী সুমপুলের যৌথ প্রচেষ্টায় তৈরি এই কমিকস সংস্করণটি ইংরেজি, স্প্যানিশ ও জাপানিসহ মোট ১০টি ভাষায় ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই ওয়েবটুনটির মোট পাঠসংখ্যা প্রায় ২৯৭ কোটিতে পৌঁছায়। এছাড়া মূল ওয়েব নভেলটির ডাউনলোড সংখ্যাও ১৬ কোটি ছাড়িয়েছে। এবার এই জনপ্রিয় কাহিনী নিয়ে নির্মিত হয়েছে এক বড় বাজেটের কোরীয় টেলিভিশন সিরিজ। এতে নাভিয়েরের চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ, সম্রাট সোভিয়েশুর চরিত্রে জু জি হুন, হেইনরির চরিত্রে লি জং সুক এবং রাশতার চরিত্রে অভিনয় করেছেন লি সে ইয়ং।

সিরিজটির জনপ্রিয়তার পরিসংখ্যানও অত্যন্ত চমকপ্রদ। ২০২৬ সালের ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনে ডিজনি প্লাস ও হুলু প্ল্যাটফর্মের ইতিহাসে এটি হয়ে ওঠে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার। বিশ্বের ৫০টির বেশি বাজারে কোরীয় সিরিজের তালিকায় এটি শীর্ষস্থান দখল করে। ২১ নভেম্বরের হিসাব অনুযায়ী, ৪৫টি দেশের ডিজনি প্লাস টিভি শো তালিকায় এটি ছিল প্রথম স্থানে।

নাভিয়েরের জীবন শুরু থেকেই রাজকীয় নিয়মের বেড়াজালে বন্দি। ছোটবেলা থেকেই তাঁকে একজন আদর্শ সম্রাজ্ঞী হিসেবে গড়ে তোলা হয়েছে। শিক্ষা, রাজনীতি এবং কূটনীতি—সব বিষয়েই তিনি অত্যন্ত দক্ষ। পূর্ব সাম্রাজ্যের সম্রাট সোভিয়েশুর সঙ্গে তাঁর বিয়ে ছিল রাজপরিবারের প্রত্যাশিত একটি জুটি।

কিন্তু রাশতার আগমনে সেই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। রাশতা একসময় দাসত্বের জীবন অতিবাহিত করেছিলেন। সেখান থেকে পালিয়ে আসার পর সোভিয়েশুর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং সম্রাট তাঁর প্রতি দুর্বল হয়ে পড়েন। ধীরে ধীরে রাশতা কেবল সম্রাটের প্রিয় নারীই থাকেননি, বরং হয়ে ওঠেন নাভিয়েরের ক্ষমতা ও মর্যাদার প্রধান প্রতিদ্বন্দ্বী। সোভিয়েশু মনে করেছিলেন, নাভিয়েরের সঙ্গে বিচ্ছেদ সাময়িক এবং রাশতা সন্তান জন্ম দেওয়ার পর পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে, নাভিয়ের এমন নারী নন যাঁকে নিজের প্রয়োজনমতো ব্যবহার করা যায়।

বিচ্ছেদের প্রস্তাবে কান্নাকাটি বা অনুনয় না করে নাভিয়ের বরং হেনরিকে বিয়ের অনুমতি দেন। হেনরি তখন পশ্চিম সাম্রাজ্যের রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তাঁর সঙ্গে নাভিয়েরের সম্পর্ক এরই মধ্যে গভীর হয়ে উঠেছিল।

এই সিদ্ধান্তটি গল্পের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। একজন নারীকে স্বামী পরিত্যাগ করছেন—এমন প্রচলিত গল্পের ধারাকে এখানে সম্পূর্ণ উল্টে দেওয়া হয়েছে। নাভিয়ের নিজেই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করেছেন।

শেষ পর্যন্ত কী হবে নাভিয়েরের?

সতর্কতা: পরের অংশে মূল ওয়েব নভেল ও ওয়েবটুনের সমাপ্তির গুরুত্বপূর্ণ ঘটনা প্রকাশ করা হয়েছে।

যাঁরা কেবল ডিজনি প্লাসের সিরিজ দেখছেন, তাঁরা চাইলে এখান থেকে পরের অংশ না পড়তে পারেন। মূল গল্পের সমাপ্তি নাভিয়ের-ভক্তদের জন্য বেশ স্বস্তিদায়ক। সোভিয়েশুর সঙ্গে বিচ্ছেদের পর তিনি হেনরিকে বিয়ে করেন। তাঁদের সম্পর্ক কেবল রাজনৈতিক সমঝোতা বা ক্ষমতা অর্জনের কৌশলে সীমাবদ্ধ থাকেনি, বরং ধীরে ধীরে তা গভীর ভালোবাসায় পরিণত হয়।

হেনরি পরবর্তী সময়ে পশ্চিম সাম্রাজ্যের সম্রাট হন এবং নাভিয়ের পান নতুন সাম্রাজ্যের সম্রাজ্ঞীর মর্যাদা। অর্থাৎ পূর্ব সাম্রাজ্যে যে রাজমুকুট একসময় তাঁর পরিচয় ছিল, পশ্চিম সাম্রাজ্যে তিনি আবারও সেই অবস্থানে ফিরে যান। তবে এবার তাঁর অবস্থান আরও শক্তিশালী। নিজের যোগ্যতা, সঠিক সিদ্ধান্ত এবং ভালোবাসার মানুষটির সহযোগিতায় তিনি এক নতুন জীবন গড়ে তোলেন। নাভিয়ের ও হেনরির সংসারে আসে যমজ সন্তান—এক ছেলে ও এক মেয়ে। ওয়েবটুনের মূল গল্প শেষ হলেও পরবর্তী স্পিন-অফে তাঁদের পারিবারিক জীবনের আরও কিছু ঘটনা তুলে ধরা হচ্ছে।

রাশতার পরিণতি কি ভয়াবহ?

গল্পের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একজন হলেন রাশতা। তাঁকে নিয়ে পাঠকদের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। কেউ তাঁকে ক্ষমতালোভী ও প্রতারক মনে করেন, আবার কেউ মনে করেন দাসত্ব ও বঞ্চনার অভিজ্ঞতা তাঁকে এই পথে ঠেলে দিয়েছে। রাশতা সম্রাজ্ঞী হওয়ার পরও নিজের অতীত গোপন রাখতে নানা ধরনের মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেন। একপর্যায়ে তাঁর অতীতের নানা ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। রাজকীয় সম্পদ আত্মসাৎ, মিথ্যা পরিচয় এবং সন্তানদের পিতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

সবচেয়ে বড় ধাক্কা আসে তাঁর মেয়ে গ্লোরিমের পিতৃত্ব পরীক্ষার ফল থেকে। মূল গল্পে জানা যায়, শিশুটির বাবা সোভিয়েশু নন, বরং রাশতার সাবেক প্রেমিক অ্যালান। এরপর রাশতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে এবং সম্রাজ্ঞীর পদ হারিয়ে তাঁকে বন্দী করা হয়। শেষ পর্যন্ত বন্দিদশাতেই তাঁর মৃত্যু হয়। এই পরিণতি গল্পের অন্যতম নির্মম অধ্যায়। কারণ, রাশতার উত্থানের পেছনে যেমন ছিল বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা, তেমনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি এমন সব সিদ্ধান্ত নিয়েছেন, যা তাঁকে আরও গভীর সংকটে ফেলেছে।

সোভিয়েশুর জন্য অপেক্ষা করছে আরও বড় শাস্তি

নাভিয়েরকে হারানোর পর সোভিয়েশুর জীবন সুখের হয় না। প্রথম দিকে তিনি ভেবেছিলেন রাশতা ও তাঁর সন্তানকে ঘিরে নতুন সংসার গড়ে তুলবেন। কিন্তু একের পর এক সত্য প্রকাশিত হওয়ার পর তাঁর সেই স্বপ্ন ভেঙে পড়ে।

রাশতার মিথ্যা, সন্তানের পিতৃত্ব এবং নিজের ভুল সিদ্ধান্তের পরিণতি তাঁকে তাড়া করতে থাকে। একসময় তিনি নাভিয়েরের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নাভিয়ের নতুন সংসার গড়েছেন এবং নতুন জীবনে সুখী হয়েছেন। সোভিয়েশুর পরিণতি আরও করুণ। মূল গল্পে মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। অতীত ও বর্তমানের স্মৃতি নিয়ে বিভ্রান্তিতে ভোগেন তিনি। তাঁর হাতে রাজমুকুট থাকলেও ব্যক্তিগত জীবনে থেকে যায় গভীর শূন্যতা। যে নারীকে হারানোর কথা তিনি কখনো গুরুত্ব দিয়ে ভাবেননি, শেষ পর্যন্ত তাঁকেই ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু নাভিয়ের আর ফিরে তাকান না।

শেষ দুই পর্বে কী?

ডিজনি প্লাসের সিরিজটি মোট ১০ পর্বের। ২১ নভেম্বর পর্যন্ত আটটি পর্ব প্রচারিত হয়েছে এবং বাকি দুই পর্ব ২৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। ফলে এখন দর্শকদের সামনে কয়েকটি বড় প্রশ্ন। নাভিয়ের কি শেষ পর্যন্ত সোভিয়েশুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন? হেনরির সঙ্গে তাঁর বিয়ে কি মূল গল্পের মতোই হবে? রাশতার গর্ভের সন্তানের প্রকৃত পিতৃত্ব কি প্রকাশ পাবে? রাশতার অতীতের অপরাধ কি তাঁর রাজকীয় অবস্থান কেড়ে নেবে? সোভিয়েশু কি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারবেন?

আরও একটি বিষয় নিয়ে কৌতূহল রয়েছে। মূল ওয়েবটুনের গল্প ২৪৭ অধ্যায় পর্যন্ত বিস্তৃত, অথচ টেলিভিশন সিরিজটি মাত্র ১০ পর্বের। ফলে এত বড় গল্পের কোন কোন অংশ পর্দায় আসবে, কোন ঘটনাগুলো বাদ পড়বে কিংবা সমাপ্তিতে নির্মাতারা কোনো পরিবর্তন আনবেন কি না, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন পর্যন্ত সিরিজের শেষ দুই পর্বের গল্প প্রকাশ করা হয়নি। তাই মূল ওয়েব নভেলের সমাপ্তি যেভাবে হয়েছে, সিরিজেও যে সেভাবেই হবে তা ধরে নেওয়ার কোনো কারণ নেই।

কেন এত জনপ্রিয় ‘দ্য রিম্যারিড এমপ্রেস’?

এই গল্পের জনপ্রিয়তার পেছনে কেবল রাজকীয় প্রেম কিংবা ত্রিকোণ সম্পর্ক নেই। এর বড় আকর্ষণ হলো ক্ষমতার সমীকরণ। একজন নারী কীভাবে নিজের অবস্থান ধরে রাখতে পারেন, কীভাবে বিশ্বাসঘাতকতার পরও আত্মমর্যাদা অক্ষুণ্ন রেখে নতুন জীবন শুরু করতে পারেন—সেই গল্পই এখানে মুখ্য।

নাভিয়ের নিখুঁত চরিত্র নন। তাঁরও আবেগ আছে, দুর্বলতা আছে, ভুল-বোঝাবুঝি আছে। কিন্তু তাঁর সবচেয়ে বড় শক্তি হলো, নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দেন না।

অন্যদিকে রাশতা ও সোভিয়েশু দেখান যে, ক্ষমতা কিংবা ভালোবাসা—কোনোটিই জোর করে ধরে রাখা যায় না। রাজমুকুট পাওয়া যায়, কিন্তু মানুষের বিশ্বাস পাওয়া যায় না। সম্পর্ক ভাঙা যায়, কিন্তু তার পরিণতি সব সময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। আর এ কারণেই গল্পটি কেবল একটি প্রেমের উপাখ্যান হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছে আত্মমর্যাদা, প্রতিশোধ, ক্ষমতা ও দ্বিতীয়বার জীবন শুরু করার এক অনন্য গল্প।

কোরিয়া টাইমস, আইএমডিবি, স্ক্রিন র‍্যান্ট ও ভ্যারাইটি অবলম্বনে