মুক্তির মাত্র তিন দিনের মাথায় দর্শকসংখ্যার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাস ও হুলু প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজটি বর্তমানে উভয় প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে সর্বাধিক দর্শকপ্রিয় সিরিজের স্বীকৃতি লাভ করেছে।
ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনের দর্শকসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতেই এই অভাবনীয় রেকর্ডটি গড়েছে সিরিজটি। একই সাথে বিশ্বের ৫০টিরও বেশি দেশের বাজারে কোরিয়ান সিরিজের মধ্যে মুক্তির পর শীর্ষস্থান দখল করেছে এটি। এই দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো প্রভাবশালী রাষ্ট্রসমূহ। উল্লেখ্য, সিরিজটি আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও ভক্তদের প্রবল আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের এক দিন আগেই তা প্রকাশ করে ডিজনি প্লাস।
ওয়েবটুন থেকে পর্দায়
জনপ্রিয় ওয়েবটুন ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ কমিক সিরিজের ওপর ভিত্তি করেই এই নাটকীয় কাহিনী নির্মিত হয়েছে। গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের এবং সম্রাট সোভিয়েশুর দাম্পত্য জীবন। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের মাঝে তৈরি হয় এক গভীর দূরত্ব। এরই মাঝে পালিয়ে আসা এক দাসী রাশতার প্রেমে পড়েন সম্রাট। তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নেশায় সোভিয়েশু একের পর এক কঠিন ও বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করেন।
তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে রাজি হননি সম্রাজ্ঞী নাভিয়ের। তিনি সম্রাটের সঙ্গে বিচ্ছেদে সম্মতি জানান, তবে তার সাথে জুড়ে দেন একটি বিশেষ শর্ত। শর্তটি ছিল— পশ্চিম রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার পূর্ণ স্বাধীনতা তাকে দিতে হবে। এই সাহসী সিদ্ধান্তের ফলে দুই সাম্রাজ্যের মধ্যকার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে ওঠে। এরপরই নিজের হারানো ক্ষমতা ও মর্যাদা পুনরুদ্ধারের লড়াইয়ে নেমে পড়েন নাভিয়ের।
অভিনয় ও নির্মাণ
সিরিজটিতে সম্রাজ্ঞী নাভিয়েরের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শিন মিন আ। সম্রাট সোভিয়েশুর চরিত্রে দেখা গেছে জু জি হুনকে। এছাড়া হেইনরি চরিত্রে অভিনয় করেছেন লি জং সুক এবং রাশতার চরিত্রে অভিনয় করেছেন লি সে ইয়ং। পুরো সিরিজটি পরিচালনা করেছেন চো সু ওন। এর চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল।
মুক্তির আগেই ব্যাপক আগ্রহ
সিরিজটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার আগেই দর্শকদের মাঝে এক প্রবল উন্মাদনা তৈরি হয়েছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যখন এর বিশেষ প্রিভিউ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, তখন মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। অন্যদিকে, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এর প্রচারণামূলক ট্রেলারটি মাত্র ৪৮ ঘণ্টায় ১ কোটি ৩০ লাখবার দেখা হয়েছে। মূল ওয়েবটুনটির জনপ্রিয়তাও ছিল চোখে পড়ার মতো; প্রকাশের পর থেকে এটি প্রায় ৩০০ কোটিবার দেখা হয়েছে।
এখন পর্যন্ত এই সিরিজের চারটি পর্ব মুক্তি পেয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রকাশিত হবে। সবশেষে ২৫ নভেম্বর প্রচারিত হবে এই সিরিজের শেষ পর্ব।