ডিজনি প্লাসের নতুন সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ রাজপুত্র হেইনরি চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি জং–সুক। পর্দায় তিনি রাজপরিবারের সদস্য এবং অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত একজন রাজপুত্র। তবে কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও সম্পদের দিক থেকে তিনি অত্যন্ত সমৃদ্ধ। দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৬৩ বিলিয়ন ওন, যা বাংলাদেশি মুদ্রায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ৬৩০ কোটি টাকা।

দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে লি জং–সুকের এই বিপুল আবাসন সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, এক দশকেরও বেশি আগে তুলনামূলক কম দামে কেনা একটি বিলাসবহুল বাড়ির বর্তমান বাজারমূল্য এখন প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছে। রিয়েল এস্টেট বা আবাসন খাতে তাঁর বিচক্ষণ বিনিয়োগই মূলত সম্পদের এই বিশাল বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ওয়ান্ডার প্ল্যানেট’-এর একটি ভিডিওতে অভিনেতার সম্পত্তির খতিয়ান তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়, ২০১৫ সালের মার্চ মাসে সিউলের হান্নাম–দং এলাকার অভিজাত আবাসিক এলাকা ইউএন ভিলেজে অবস্থিত ‘লা তেরাসে হান্নাম’ আবাসন প্রকল্পে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেন লি জং–সুক। ২৮৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৫ বর্গফুট) ওই বাড়িটির জন্য তিনি ব্যয় করেছিলেন প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ওন, যা তৎকালীন হিসেবে প্রায় ৩০ লাখ ডলারের সমান।

বাড়িটি কেনার সময় অভিনেতা এক বিশেষ সুযোগ পেয়েছিলেন। জানা গেছে, প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়ায় মূল বিক্রয়মূল্যের ৫০ শতাংশের বেশি ছাড়ে বাড়িটি বিক্রি করা হচ্ছিল। সেই সুযোগটি কাজে লাগিয়েই তিনি তুলনামূলক কম দামে সম্পত্তিটি নিজের নামে করে নেন।

বর্তমানে একই ধরনের একটি বাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন। অর্থাৎ গত ১১ বছরে বাড়িটির দাম বেড়েছে প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ওন। কেনা দামের তুলনায় বর্তমান মূল্য প্রায় ৪ দশমিক ৭ গুণ বেশি। প্রতিবেদন অনুযায়ী, বাড়িটি এখনো লি জং–সুকের মালিকানায় রয়েছে।

তবে তাঁর বিনিয়োগ এখানেই সীমাবদ্ধ নয়। ২০১৯ সালে তিনি একই এলাকার আরেকটি অভিজাত আবাসন প্রকল্প ‘নাইন ওয়ান হান্নাম’-এ চলে যান। সেখানে ৩৩৪ বর্গমিটারের (প্রায় ৩ হাজার ৫৯৫ বর্গফুট) একটি অ্যাপার্টমেন্ট কেনেন প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওনে। প্রথমে দুই বছর সেখানে ভাড়া থাকার পর তিনি বাড়িটির পূর্ণ মালিকানা গ্রহণ করেন। বর্তমানে ওই ধরনের অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন।

হান্নাম–দং এলাকার এই দুটি আবাসনের বর্তমান আনুমানিক মূল্যই দাঁড়িয়েছে প্রায় ৪৭ বিলিয়ন ওন। এর পাশাপাশি অভিনেতার অন্যান্য সম্পত্তির মূল্য যুক্ত করলে তাঁর মোট আবাসন সম্পদের পরিমাণ ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই হিসাবটিকে লি জং–সুকের মোট ব্যক্তিগত সম্পদ বা নিট সম্পদ হিসেবে গণ্য করা যাবে না। কারণ, এই হিসাবটি সম্পত্তিগুলোর সম্ভাব্য বাজারমূল্যের ওপর ভিত্তি করে করা হয়েছে; প্রকৃত বিক্রয়মূল্য এখনো নিশ্চিত নয়। এছাড়া সম্পত্তি কেনার জন্য নেওয়া কোনো ঋণ কিংবা অন্যান্য আর্থিক দায়দেনার হিসাব এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ এবং ‘বিগ মাউথ’-এর মতো জনপ্রিয় কোরীয় সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন লি জং–সুক। এবার ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ সিরিজে প্রিন্স হেইনরি চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিজে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন শিন মিন–আ ও জু জি–হুন। পর্দার রাজপুত্রের জীবনযাপনের সঙ্গে বাস্তব জীবনের এই বিপুল সম্পদের মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক।