সকাল হতেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারের প্রধান গলিটি পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের দ্বারা ঘিরে ফেলা হয়। নিরাপত্তাবেষ্টনীর ভেতরে টোকেন নম্বর হাতে নিয়ে ক্রেতারা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলেন। এই দীর্ঘ সারিতে অপেক্ষমাণ মানুষের বড় একটি অংশই ছিলেন মধ্যবয়সী নারী, যাঁদের অনেকেরই সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।
বিপুল উৎসাহের মধ্য দিয়ে আসা এই ভিড়ের সামনেই পসরা সাজিয়ে স্কার্ফ বিক্রি করছিলেন এক দোকানি। তাঁর বিক্রির বিশেষত্ব হলো দাম; ১০ হাজার ওনে (প্রায় ৬ দশমিক ৮০ ডলার) তিনি ৬টি স্কার্ফ দিচ্ছেন, যার প্রতিটি স্কার্ফের দাম পড়ে প্রায় ১ দশমিক ১৫ ডলার। বর্তমানে ‘স্কার্ফ আজোসি’ বা ‘স্কার্ফ আংকেল’ নামে পরিচিত এই বিক্রেতা দক্ষিণ কোরিয়ায় জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
এই দোকানির জনপ্রিয়তার মূল রহস্য হলো ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করার এক অদ্ভুত ও রসিকতাপূর্ণ কৌশল। ক্রেতাদের উদ্দেশে তিনি মজার ছলে বলেন, “টাকা খরচ করবেন না। এটা আপনাকে মানাবে না।”
তাঁর এই আন্তরিক স্পষ্টবাদিতা, মজার বিক্রয়পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন একজন বড় তারকা। লাইভস্ট্রিমার এবং সাধারণ ক্রেতাদের ভিড়ে বাজার এখন মুখরিত। অনলাইনে তাঁর ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছেন।
ইউটিউবে ভিডিও দেখে সিউল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ইয়ংগিন শহর থেকে ছুটে এসেছেন লি মি-হোয়া। তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, “তিনি সত্যিই খুব বিখ্যাত। এই মুহূর্তে তিনিই সবচেয়ে আলোচিত ব্যক্তি।”
নামদেমুন বাজার দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পুরোনো ও বড় ঐতিহ্যবাহী বাজারগুলোর একটি। পুরোনো সাউথ গেটের পাশে অসংখ্য গলির সমন্বয়ে গড়ে ওঠা এই বাজারের নামকরণ করা হয়েছে ওই ফটকের নামানুসারে। দীর্ঘকাল ধরে এই বাজারটি ক্রেতাদের জোরাজুরি করে পণ্য বিক্রির জন্য পরিচিত ছিল।
বর্তমানে সেখানে যে হট্টগোল সৃষ্টি হচ্ছে, তা দেখে পথচারীরা অবাক হয়ে জানতে চাইছেন ভেতরে কোনো বড় তারকা এসেছেন কি না। অন্যদিকে ইউটিউবাররা এই আলোচিত দোকানিকে একনজর দেখার চেষ্টা করছেন এবং ভিড়ের দৃশ্য সরাসরি সম্প্রচার করছেন।
এই স্কার্ফ বিক্রেতা নিজের প্রকৃত নাম প্রকাশ করেননি, ফলে তিনি বিভিন্ন ডাকনামে পরিচিত। ‘স্কার্ফ আংকেল’ ছাড়াও তাঁর আরেকটি নাম ‘স্কার্ফরিও’। তাঁর চেহারার আকর্ষণ এবং হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামের সাথে মিল রেখে মজা করে এই নাম দেওয়া হয়েছে। সারিতে দাঁড়িয়ে থাকা এক নারী তাঁর সম্পর্কে বলেন, “তিনি ভীষণ সুদর্শন।”
স্কার্ফরিওর পোশাকে কোনো চাকচিক্য নেই; শরতের ঠান্ডা থেকে বাঁচতে সাধারণ ব্যবসায়ীদের মতোই তিনি স্তরে স্তরে পোশাক পরে থাকেন। তবে নতুন ভক্তদের সাথে তিনি হাসিমুখে সেলফি তুলতে রাজি হন।
অনলাইনে তাঁর এই অদ্ভুত বিক্রয়কৌশল ভাইরাল হওয়ার পর তিনি ইনস্টাগ্রাম ও ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে তাঁর ভিডিওগুলো লাখ লাখবার দেখা হচ্ছে।
গত বুধবার সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে বেলা ১১টা ২০ মিনিটে দোকানের সামনে পৌঁছান লি জি-হিউন। কেনা স্কার্ফগুলো উঁচিয়ে ধরে তিনি বলেন, “অবশেষে কয়েকটা পেলাম। তাঁর (বিক্রেতা) কথা বলার ধরনটা ভীষণ মিষ্টি। এমন মানুষের উন্নতি হওয়া উচিত। তাই তাঁকে উৎসাহ দিতে এসেছিলাম এবং শেষ পর্যন্ত কিনেই ফেললাম।”
বিক্রেতার কথা বলার ধরন শোনার জন্য লি জি-হিউন বেশ কিছুক্ষণ তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই বিক্রেতা ক্রেতাদের বলছিলেন, “এখানে দেখার মতো কিছু নেই।” আবার স্নেহভরে স্কার্ফের স্তূপ ঘেঁটে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন মা, নিচ থেকে খুঁজে দেখুন, নিচ থেকে দেখুন।” এই দৃশ্য দেখে লি জি-হিউন মন্তব্য করেন, “তাঁকে আমার ছেলের মতো, ছোট ভাইয়ের মতো মনে হয়।”
অপ্রত্যাশিত এই জনপ্রিয়তার কারণে ভিড় সামলাতে হিমশিম খেয়ে বেশ কয়েকবার দোকান বন্ধ রাখতে হয়েছে বিক্রেতাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডেকে ভক্তদের গলি থেকে সরিয়ে দিতে হয়। নভেম্বরের শুরুতে ভিড় সামলাতে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয় এবং তিনি দোকান খোলার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা বন্ধ করে দিয়েছেন।
স্কার্ফের গুণগত মান নিয়ে লি জি-হিউন বলেন, “কাপড়টা অসাধারণ। ছুঁয়ে দেখেছেন কতটা নরম? ১ হাজার ৬০০ ওনে এটা কীভাবে সম্ভব?” উল্লেখ্য, স্কার্ফের মোড়কে লেখা রয়েছে—মেড ইন চায়না (চীনে তৈরি)।
তবে এই ভিড় সবাই ইতিবাচকভাবে দেখছেন না। ৩০ বছরের বেশি সময় ধরে সেখানে জুতা বিক্রি করা এক দোকানি এই পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট। মুন নামে ওই দোকানি বলেন, “ব্যবসা খারাপ যাচ্ছে। আমার পাশের চলাচলের পথ বন্ধ হয়ে যায়, যা আমার জন্য খুব কষ্টকর। এটা বড় পরিসরে বাজারের জন্য হয়তো ভালো, কারণ মানুষ আসছে। কিন্তু আশপাশের দোকানগুলোর ক্ষতি হচ্ছে।”
মুন আরও জানান, তরুণরা মূলত ইউটিউব ও ইনস্টাগ্রামের জন্য ভিডিও করতে এবং বিক্রেতার চেহারা দেখতে আসেন। তাঁর ভাষায়, “এতে প্রচুর মানুষ আসছেন ঠিকই, কিন্তু কোনো কেনাকাটা হচ্ছে না।”
অন্যদিকে, পাশের দোকানে স্কার্ফ বিক্রি করা বে জং-মিন এই বিষয়ে আশাবাদী। বাজারের রেস্তোরাঁ ও কফি শপগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, “বাজারে প্রচুর মানুষ আসছেন। তাই সামগ্রিকভাবে বাজারের জন্য এটি ভালো। তবে ভিড়ের সমস্যা নিয়ে আমি কিছুটা চিন্তিত।”
সম্প্রতি স্কার্ফরিও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে, মানুষের এই অতিরিক্ত মনোযোগ তাঁকে “প্রচণ্ড চাপ ও উদ্বেগের” মধ্যে ফেলে দিয়েছে। একই সাথে তিনি আশপাশের ব্যবসায়ীদের কাছে ক্ষমা চেয়েছেন।
সিউলে বসবাস করা সত্ত্বেও গত ৩০ বছরে নামদেমুন বাজারে কখনো যাননি লি জি-হিউন। তিনি জানান, “কোনো কিছুর প্রয়োজন হলে আমি সুপারমার্কেটে যেতাম, এই বাজারে আসার কথা কখনো ভাবিনি। এখন থেকে মাসে অন্তত একবার আসার পরিকল্পনা করছি।”