জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্লেনের ভেতরে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে তার সঙ্গে দেখা গেছে দলের আরও তিন নেতার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে আসিফ মাহমুদ তার সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় এই পোস্টটি করেন। ছবিতে তার পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতেই তারা দেশ ছাড়ছেন। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে।
জানা গেছে, এবারের এই অধিবেশনে মোট ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল— ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া এবং পিপল পাওয়ার পার্টি যৌথভাবে এই সম্মেলনটির আয়োজন করছে। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, এই সফর উপলক্ষে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হচ্ছে! এনসিপির নেতৃবৃন্দের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় আপনাদের সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের প্রত্যাশায় রইলাম।’