একজন সম্রাজ্ঞী, যার স্বামী অন্য নারীর প্রেমে পড়ে তাঁকে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছেন। তবে অপমানিত হয়ে নীরবে সরে যাওয়ার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন নিজের মর্যাদা ও ক্ষমতা পুনরুদ্ধারের পথ। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে তিনি রাজি হন, তবে একটি বিশেষ শর্তে—তাঁকে অন্য একজন রাজপুত্রকে বিয়ে করার অনুমতি দিতে হবে।

এমনই এক ব্যতিক্রমী প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। গত ৩ নভেম্বর ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের প্রবল মনোযোগ কেড়ে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সিরিজটি। কেবল এশিয়া নয়, বরং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, মেক্সিকো এবং কানাডাসহ ৫০টিরও বেশি আন্তর্জাতিক বাজারে এটি কোরীয় সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। বাংলাদেশেও সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রতি পর্ব প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা বিশ্লেষণধর্মী পোস্ট করছেন। সিরিজটির প্রতিটি চরিত্র নিয়েই চলছে খুঁটিনাটি আলোচনা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সম্রাজ্ঞী নেভিয়ের।

নেভিয়ের কেন এত জনপ্রিয়? নেভিয়ের চরিত্রটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, প্রতিশোধ নেওয়ার নেশায় তিনি নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেন না। বরং নিজের যোগ্যতা, আত্মমর্যাদা ও বুদ্ধিমত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তবে চরিত্রটির জনপ্রিয়তার উৎস কেবল এই টেলিভিশন সিরিজটি নয়। এর আগে থেকেই ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর ওয়েব নভেল ও ওয়েবটুন পাঠকদের কাছে এই চরিত্রটি অত্যন্ত পরিচিত ছিল। লেখক আলফাটার্টের এই গল্পের ওয়েবটুন সংস্করণে নেভিয়েরের জীবন, রাজপ্রাসাদের জটিল ষড়যন্ত্র এবং তাঁর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছিল। ডিজনির দেওয়া তথ্য অনুযায়ী, পর্দায় আসার আগেই মূল ওয়েবটুনটির ভিউ প্রায় ৩০০ কোটি। ফলে পর্দায় নেভিয়েরকে কেমন দেখাবে, তা নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী।

নেভিয়েরের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হলো তাঁর চরিত্রের ভিন্নতা। সাধারণত রাজপ্রাসাদকেন্দ্রিক প্রেমের গল্পে নারী চরিত্রদের প্রেম, ঈর্ষা কিংবা প্রতিশোধের আবর্তে দিশেহারা হতে দেখা যায়। নেভিয়ের ভালোবাসেন, কষ্ট পান এবং অপমানিতও হন; কিন্তু নিজের অবস্থান ধরে রাখতে গিয়ে তিনি কখনোই আবেগের কাছে আত্মসমর্পণ করেন না।

শিন মিন–আর বাজিমাত
নেভিয়ের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ কোরিয়ার বিনোদনজগতের অত্যন্ত পরিচিত মুখ শিন মিন–আ। ১৯৯৮ সালে মাত্র ১৪ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। কৈশোরেই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে তিনি সবার নজর কাড়েন। এরপর ২০০১ সালে ‘ভলকানো হাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এবং ‘বিউটিফুল ডেইজ’ নাটকের মাধ্যমে টেলিভিশন ড্রামায় তাঁর অভিষেক ঘটে। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই অভিনেত্রী।

শিন মিন–আর ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মোড় ছিল ‘মাই গার্লফ্রেন্ড ইজ আ গুমিহো’। ২০১০ সালের এই ফ্যান্টাসি রোমান্টিক কমেডিতে কোরীয় লোককথার একটি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। পরবর্তীতে ‘হোমটাউন চা-চা-চা’ সিরিজটি তাঁকে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত করে তোলে। তবে শিন নিজেকে কেবল রোমান্টিক চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ‘আ বিটারসুইট লাইফ’, ‘সিস্টার্স অন দ্য রোড’, ‘গিয়ংজু’ ও ‘ডিভা’-র মতো ভিন্নধর্মী সিনেমায় তাঁর কাজ দেখা গেছে। ২০২৫ সালের নেটফ্লিক্স সিরিজ ‘কার্মা’-তেও তাঁকে দেখা গেছে।

নেভিয়ের চরিত্রে শিন মিন–আর সবচেয়ে বড় শক্তি হলো তাঁর সংযত অভিনয়। কেবল সংলাপ বা রাজকীয় পোশাক দিয়ে এই চরিত্রের আভিজাত্য ও দৃঢ় ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা কঠিন। সমালোচকদের মতে, তাঁর অভিব্যক্তির মাধ্যমেই শিন চরিত্রটির আত্মবিশ্বাস এবং ভেতরে লুকিয়ে থাকা কষ্ট—দুটি বিষয়কেই নিখুঁতভাবে তুলে ধরেছেন।

শিন নিজেও জানিয়েছেন, ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর চিত্রনাট্য তাঁর কাছে আগে করা কাজগুলোর চেয়ে আলাদা মনে হয়েছিল। মূল গল্পের সঙ্গে পরিচিত হওয়ার আগেই চিত্রনাট্য পড়ে তিনি এই চরিত্রটি নিয়ে আগ্রহী হন। অভিনেত্রীর মতে, নেভিয়েরের দৃঢ়তা ও আত্মমর্যাদাবোধই চরিত্রটিকে দর্শকদের কাছে অনন্য করে তুলেছে।

সিরিজটির প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারে শিন মিন–আকে প্রশ্ন করা হয়েছিল, বাস্তব জীবনে স্বামীর কাছ থেকে এমন বিশ্বাসভঙ্গের শিকার হলে তিনি কী করতেন? উত্তরে অভিনেত্রী বলেন, “এ বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। প্রথমে নিজের আত্মমর্যাদা বজায় রাখতাম, তারপর নতুন ভালোবাসা বেছে নিতাম।”

কবে আসবে শেষ পর্ব?
সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি পেয়েছিল ৩ নভেম্বর। এরপর ১১ নভেম্বর আরও দুটি পর্ব প্রকাশিত হয়। বাকি চারটি পর্ব প্রতি সপ্তাহে দুটি করে মুক্তি পাবে। আগামী ২৫ নভেম্বর প্রচার হবে শেষ দুটি পর্ব। বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলুতে এবং আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসে সিরিজটি দেখা যাচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট ও কোরিয়া টাইমস অবলম্বনে