বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এখন নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা বিশ্লেষণ এবং গবেষণামূলক পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে এই দেশটি এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে উচ্চশিক্ষার পরিকল্পনা করার আগে শিক্ষার্থীদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হয়ে দাঁড়ায়—বাস্তবে সেখানে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়?
টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্নতা
কোরিয়া সরকারের স্টাডি ইন কোরিয়া পোর্টালের তথ্যানুসারে, চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গড় বার্ষিক টিউশন ফি প্রায় ৬৮ দশমিক ২ লাখ ওন (৬ দশমিক ২ লাখ টাকা)। তবে জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই গড় ফি প্রায় ৪২ দশমিক ৭ লাখ ওন (৩ দশমিক ৯৩ লাখ টাকা), যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তা প্রায় ৭৬ দশমিক ৩ লাখ ওন (৭ দশমিক ০২ লাখ টাকা)। উল্লেখ্য যে, ব্যাংকের প্রকৃত বিনিময় হার এবং লেনদেন চার্জের কারণে এই পরিশোধযোগ্য অর্থের পরিমাণ কিছুটা পরিবর্তিত হতে পারে।
জীবনযাত্রার ব্যয় ও সামগ্রিক বাজেট
শুধুমাত্র টিউশন ফি নয়, জীবনযাত্রার ব্যয়ও বাজেটে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর মাসিক খরচ আনুমানিক ৭ দশমিক ৫ লাখ থেকে ১০ লাখ ওন হতে পারে। এর মধ্যে আবাসন, খাবার, যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় খরচ অন্তর্ভুক্ত রয়েছে। সেই হিসেবে ১২ মাসে এই খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ দশমিক ২৪ লাখ থেকে ১১ লাখ টাকা।
বৃত্তি ছাড়া প্রাথমিক বার্ষিক বাজেটের হিসাব
দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকলেও জীবনযাত্রার ব্যয় উভয় ক্ষেত্রেই প্রায় সমান। জাতীয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর বার্ষিক টিউশন ফি পড়ে প্রায় ৩ দশমিক ৯৮ লাখ টাকা, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই খরচ বেড়ে দাঁড়ায় বার্ষিক প্রায় ৭ দশমিক ১২ লাখ টাকায়।
এর বাইরে আবাসন, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে ১২ মাসের জীবনযাত্রার ব্যয় বাবদ প্রয়োজন হয় প্রায় ৮ দশমিক ৪০ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা। ফলে সব মিলিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে মোট প্রাথমিক বার্ষিক খরচ দাঁড়ায় ১২ দশমিক ৩৮ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকার মতো। অন্যদিকে একই মেয়াদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই খরচের মাত্রা কিছুটা বেড়ে প্রায় ১৫ দশমিক ৫২ থেকে ১৮ দশমিক ৩২ লাখ টাকায় গিয়ে ঠেকে।
তবে মনে রাখতে হবে, এগুলো জাতীয় গড়ভিত্তিক পরিকল্পনা, কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের হিসাব নয়। বিমানভাড়া, আবেদন ও ভর্তি ফি, ভিসা খরচ, নথি অনুবাদ ও সত্যায়ন, প্রাথমিক সেটআপ এবং জরুরি তহবিলের বিষয়টি এই হিসাবের বাইরে রাখা হয়েছে।
জাতীয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ের গড় ফি কম হলেও প্রতিটি প্রোগ্রামের ফি এক নয়। প্রকৌশল, প্রাকৃতিক বিজ্ঞান ও গবেষণাগারনির্ভর বিষয়ে খরচ মানবিক বা সামাজিক বিজ্ঞানের চেয়ে বেশি হতে পারে। এছাড়া সিউলের মতো বড় শহরে আবাসনসহ স্থানীয় খরচগুলো আলাদাভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।
শুরুতে বিবেচ্য তিনটি বিশ্ববিদ্যালয়
১. পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (বুসান): প্রকৌশল, বিজ্ঞান ও ব্যবসা বিষয়ে আগ্রহীরা এই বিশ্ববিদ্যালয়টি বিবেচনা করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় বিভাগভেদে টিউশন ও ডরমিটরির খরচ আলাদাভাবে দেওয়া থাকে। এখানে কিছু ইংরেজি-মাধ্যম প্রোগ্রামও চালু আছে।
২. কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (দেগু): ব্যবসা, আইটি, প্রকৌশল ও বিজ্ঞানে প্রোগ্রাম খোঁজার জন্য এটি একটি ভালো পছন্দ। আন্তর্জাতিক ভর্তি পাতায় টিউশন এবং টেস্ট অব প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান (TOPIK) বা টপিক–ভিত্তিক বৃত্তির তথ্য দেওয়া আছে। তবে ভর্তির সেশন অনুযায়ী শর্তগুলো মিলিয়ে নেওয়া জরুরি।
৩. সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (সিউল): উচ্চমানের একাডেমিক ও গবেষণাভিত্তিক শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটি সুপরিচিত। এখানে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং বিভাগভিত্তিক টিউশন ফি আলাদা হয়ে থাকে। মনে রাখা প্রয়োজন, ২০২৫ সালের প্রকাশিত ফি ২০২৭ সালের নিশ্চিত ফি হিসেবে ধরা যাবে না।
আবেদনের আগে শিক্ষার্থীদের চারটি বিষয় একসঙ্গে যাচাই করা উচিত—প্রোগ্রামটি সত্যিই ইংরেজি মাধ্যমে চলে কি না, বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কি না, ২০২৭ সালের প্রকৃত টিউশন ফি কত এবং বৃত্তি পেলে নিজেকে কত টাকা খরচ করতে হবে?
বৃত্তির মাধ্যমে সাশ্রয়ের সুযোগ
খরচ কমানোর প্রধান উপায় হলো ‘বৃত্তি’। কোরিয়া সরকারের গ্লোবাল কোরিয়া স্কলারশিপের (জিকেএস) ২০২৭ সালের স্নাতক পর্যায়ের আনুষ্ঠানিক নির্দেশিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবেদন-বিজ্ঞপ্তিও এসেছে। আগ্রহীদের এখনই যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের তালিকা, আবেদন পদ্ধতি ও সময়সীমা দেখে নেওয়া উচিত।
তবে অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব বৃত্তির ব্যবস্থাও রাখে। কিয়ংপুক ও পুসানের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে টেস্ট অব প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান ফলাফলের ওপর ভিত্তি করে টিউশন ফি ছাড়ের চমৎকার সুযোগ রয়েছে। তবে এগুলো শর্তসাপেক্ষ, তাই সবাই এই সুবিধা পাবেন এমন নিশ্চয়তা নেই।
টিউশন ছাড়ের প্রভাব
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপ বা টিউশন ফি ছাড়ের ওপর ভিত্তি করে বার্ষিক প্রাতিষ্ঠানিক ও জীবনযাত্রার মোট খরচে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কোনো বৃত্তি না পেলে একজন শিক্ষার্থীর মোট প্রাথমিক বার্ষিক ব্যয় পড়ে প্রায় ১২ দশমিক ৩৮ থেকে ১৫ দশমিক ১৮ লাখ টাকা। তবে বিশ্ববিদ্যালয়ের ৫০ শতাংশ টিউশন ফি ছাড় পেলে এই খরচ কমে দাঁড়ায় প্রায় ১০ দশমিক ৩৯ থেকে ১৩ দশমিক ১৯ লাখ টাকায়।
আর যদি কোনো শিক্ষার্থী শতভাগ টিউশন ফি ছাড় অর্জন করতে পারেন, তবে তাঁর বার্ষিক ব্যয় কেবল জীবনযাত্রার খরচেই সীমাবদ্ধ থাকে, যার পরিমাণ আনুমানিক ৮ দশমিক ৪০ থেকে ১১ দশমিক ২০ লাখ টাকা। তবে এই ছাড়টি তুলনার জন্য দেওয়া হয়েছে, কোনো নির্দিষ্ট বৃত্তির প্রতিশ্রুতি নয়। পূর্ণ অর্থায়িত জিকেএসের সুবিধা ও শর্তগুলো আলাদাভাবে যাচাই করতে হবে।
ভিসা ও খণ্ডকালীন কাজের নিয়ম
ডিগ্রি প্রোগ্রামের জন্য সাধারণত ‘ডি–২’ এবং ভাষা প্রশিক্ষণের জন্য ‘ডি–৪’ ভিসা প্রযোজ্য হয়। কোরিয়ার দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, কোরিয়া ভিসা পোর্টালে ই-ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হয়। এক্ষেত্রে আর্থিক সক্ষমতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও ভর্তি-সংক্রান্ত নথি প্রয়োজন হয়। আবেদনের আগে সর্বশেষ নিয়মাবলী দেখে নেওয়া জরুরি।
খণ্ডকালীন কাজ পাওয়া ভিসার শর্ত, অনুমতি, ভাষাগত দক্ষতা ও প্রযোজ্য নিয়মের ওপর নির্ভর করে। কাজ পাওয়া নিশ্চিত নয়, তাই সম্ভাব্য আয়কে পরিবারের প্রাথমিক অর্থায়নের বিকল্প হিসেবে ধরা ঠিক হবে না। কোরীয় ভাষা না জানলে দৈনন্দিন জীবন, চাকরি খোঁজা ও দীর্ঘমেয়াদি কর্মজীবনে বাড়তি প্রস্তুতি প্রয়োজন হতে পারে। ইংরেজি-মাধ্যমে ডিগ্রি করা গেলেও স্থানীয় ভাষার দক্ষতা ভবিষ্যতের সুযোগ বাড়িয়ে দেয়।
সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে যে সাতটি প্রশ্ন করবেন
• আমার একাডেমিক ফলাফল ও পছন্দের বিষয় কি নির্বাচিত প্রোগ্রামের যোগ্যতার সঙ্গে মেলে?
• প্রোগ্রামের ভাষা এবং আইইএলটিএস/টোফেল বা টপিক-এর শর্ত দেখেছি কি?
• টিউশন, আবাসন, খাবার, বীমাসহ সব খরচের লিখিত হিসাব পেয়েছি কি?
• বৃত্তির যোগ্যতা, সুবিধা, সময়সীমা ও নবায়নের শর্ত কি যাচাই করেছি?
• ভিসার আর্থিক প্রমাণ ও নথি প্রস্তুত করার সামর্থ্য কি আছে?
• খণ্ডকালীন কাজ না পেলেও পড়াশোনা চালানোর মতো অর্থ কি আছে?
• ডিগ্রির পর কর্মজীবন, ভাষাগত প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা কি ভেবেছি?
পরিশেষে, দক্ষিণ কোরিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় গন্তব্য হলেও সঠিক বিশ্ববিদ্যালয় ও বৃত্তি বেছে না নিলে এটি সবার জন্য সাশ্রয়ী হবে না। সরকারি বিশ্ববিদ্যালয়ের কম টিউশন, গবেষণার সুযোগ ও সরকারি বৃত্তি অত্যন্ত আকর্ষণীয়। তবে ভাষাগত বাধা, প্রাথমিক অর্থায়ন ও কর্মজীবনের অনিশ্চয়তাকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
লেখা: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড