ডিজনি প্লাসের আসন্ন কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এর টিজার প্রকাশের পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির। ইতিমধ্যে টিজারটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। কোরিয়ার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ফলে ডিজনি প্লাসের অন্যতম সফল কোরিয়ান মৌলিক সিরিজ হিসেবে এটি প্রতিষ্ঠিত হতে পারে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জনপ্রিয় ওয়েব উপন্যাস ও ওয়েবটুন অবলম্বনে নির্মিত হচ্ছে সিরিজটি। এর গল্প পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়েরকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন শিন মিন-আ। তাঁর স্বামী সম্রাট সোভিয়েশুরের চরিত্রে রয়েছেন জু জি-হুন। সম্রাটের জীবনে রাস্তা নামের এক পালিয়ে আসা দাসী প্রবেশ করলে বদলে যায় নাভিয়েরের দাম্পত্য জীবন। একপর্যায়ে সম্রাট নাভিয়েরকে বিবাহবিচ্ছেদের প্রস্তাব দেন। নাভিয়ের রাজি হন, তবে শর্ত দেন—বিবাহবিচ্ছেদের পর তিনি পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করতে পারবেন। এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রেম, ক্ষমতার দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, সামাজিক মর্যাদা ও প্রতিশোধের গল্প। হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সক।
শুধু গল্প নয়, সিরিজটির নির্মাণশৈলীও দর্শকদের নজর কেড়েছে। রাজপ্রাসাদের বিশাল সেট, জমকালো পোশাক ও প্রধান চরিত্রগুলোর উপস্থিতি—সব মিলিয়ে টিজারে ফুটে উঠেছে সিরিজের ব্যাপ্তি ও আবহ। অল্প সময়ের টিজারেই নাভিয়ের, সোভিয়েশুর ও হেইনরির মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে।
তবে শুধু মুক্তির আগের প্রচারণা দিয়েই সিরিজের সাফল্য নির্ধারিত হবে না। মুক্তির পর দর্শক কতটা সময় ধরে সিরিজটি দেখছেন, প্রথম কয়েকটি পর্বের পরও আগ্রহ ধরে রাখতে পারছে কি না এবং দর্শকদের মুখে মুখে এর আলোচনা কতটা ছড়াচ্ছে—এসব বিষয়ই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ডিজনি প্লাসের জন্যও সিরিজটির সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ‘মুভিং’, ‘বিগ বেট’ ও ‘দ্য কিলার’স শপিং লিস্ট’-এর মতো কোরিয়ান মৌলিক সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে প্ল্যাটফর্মটি।
সূত্র: কোরিয়া টাইমস।