মাদকাসক্তি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আরও একটি বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের ২৯ অক্টোবর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের বিশিষ্ট মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ ওই আলোচনা সভা থেকে প্রাপ্ত একটি বিশেষ পরামর্শ এখানে তুলে ধরা হলো।

বর্তমান সময়ে ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার কারণে কিশোর-কিশোরীরা বিশ্বজুড়ে নানা ইতিবাচক দিক প্রত্যক্ষ করছে। তবে এর পাশাপাশি প্রযুক্তির একটি নেতিবাচক বা ভিন্ন দিকও রয়েছে। এই বিষয়ে মনোবিদের পর্যবেক্ষণ জানতে চাওয়া হলে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘একদম ঠিক বলেছেন। অনলাইনের কল্যাণে আমাদের কিশোররা পৃথিবীর অনেক ভালো দিক দেখছে। তারা দেখছে এমন একটা জগৎ যেখানে সাম্য আছে, রাস্তাঘাটে শৃঙ্খলা আছে, যত্রতত্র পোস্টার লাগানো নেই বা অযথা জ্যাম নেই। কিন্তু সমস্যা হলো, তারা রিয়েল লাইফ বা বাস্তব জীবনের সঙ্গে এটার কোনো মিল পায় না। এর ফলে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত—সব স্তরের কিশোরদের মধ্যেই একধরনের অদৃশ্য দ্বন্দ্ব তৈরি হয়। এমনকি আমাদের দেশের তরুণ সমাজের বড় একটা অংশের শেষ স্বপ্ন বা লক্ষ্যই হয়ে দাঁড়ায় যেভাবেই হোক দেশ ছাড়া। একজন আমেরিকান শিশু তো এই ধরনের দ্বন্দ্বে ভোগে না। এই সাংস্কৃতিক বিভ্রান্তি ও যাপিত জীবনের চাহিদার সংঘাতে আমাদের শিশুরা বেশ ফ্রাস্ট্রেটেড বা হতাশ হয়ে পড়ে, আর তাদের অনেক প্রশ্নের উত্তর আমাদের কাছে থাকে না।’