পর্দার বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে রূপান্তর, তবে শেষ পর্যন্ত তা টেকেনি। দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা লি দো–হিউন ও অভিনেত্রী লিম জি–ইয়ন। দীর্ঘ প্রায় তিন বছর সাত মাসের সম্পর্কের পর এবার চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি।

আজ মঙ্গলবার লি দো–হিউনের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে। এজেন্সির একজন কর্মকর্তা এই বিষয়ে জানিয়েছেন, ‘সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাঁরা ভালো সহকর্মী হিসেবে থাকার এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে কাজ করার সময়ই লিম ও লি দো–হিউনের প্রথম পরিচয় হয়। সেই পেশাদার সম্পর্কটিই পরবর্তীতে প্রেমে রূপ নেয়। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁরা নিজেদের সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ করেন।

সম্পর্কের কথা জানানোর খুব অল্প সময়ের মধ্যেই লি দো–হিউনকে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিতে হয়। সামরিক জীবনের কঠিন সময়েও লিম জি–ইয়ন তাঁর পাশে থেকে সমর্থন জুগিয়েছেন। এই সময়ে তাঁদের সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতূহল ছিল।

এমনকি চলতি বছরের জুলাই মাস পর্যন্ত তাঁদের সম্পর্কের উষ্ণতা বজায় ছিল। সেই সময় তাঁদের একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার ছবি ও খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী মন্তব্য করে লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’

সামরিক সেবার দীর্ঘ সময় পার করে সম্পর্ক টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত তাঁদের পথচলা আর সম্ভব হলো না। তবে বিচ্ছেদের পরেও তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং সহকর্মী হিসেবে একে অপরকে সমর্থন করে যাবেন বলে জানিয়েছে লি দো–হিউনের এজেন্সি।

কে এই লিম জি–ইয়ন?

২০১১ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন লিম জি–ইয়ন। তবে ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তীতে নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে পার্ক ইয়োন–জিন নামক একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তাঁর সেই অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ এবং ‘দ্য কিলিং ভোট’–এর মতো জনপ্রিয় সিরিজেও তিনি অভিনয় করেছেন।

কে এই লি দো–হিউন?

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি দো–হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে টেলিভিশন সিরিজ ‘প্রিজন প্লেবুক’-এর মাধ্যমে তিনি প্রথম অভিনয় শুরু করেন। এরপর ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ এবং ‘ইয়ুথ অব মে’ সিরিজের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। তবে ‘দ্য গ্লোরি’ সিরিজে জু ইয়ো–জিয়ং চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২৩ সালে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়েছিলেন এই অভিনেতা, যা ২০২৫ সালে শেষ করে তিনি পুনরায় অভিনয়ে ফিরে আসেন।