নেটফ্লিক্সের বিশ্বখ্যাত সিরিজ ‘স্কুইড গেম’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জং হো-ইয়ন। বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফ্যাশন সাময়িকী ‘ভোগ’ জেমস বন্ড সিরিজের পরবর্তী চলচ্চিত্রের জন্য সম্ভাব্য নায়িকাদের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে জং হো-ইয়নের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ৪৫ জনের এই তালিকায় তিনি পঞ্চম স্থানে অবস্থান করছেন।

পরবর্তী জেমস বন্ড হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম সামনে আসার পর থেকেই দর্শকদের মনে কৌতূহল তৈরি হয়েছে যে, নতুন এই বন্ডের বিপরীতে কে অভিনয় করবেন। ভোগের এই সম্ভাব্য তালিকা সেই কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।

গত রোববার প্রকাশিত ওই তালিকায় জং হো-ইয়নের অভিনয় দক্ষতার ভূয়সী প্রশংসা করেছে সাময়িকীটি। বিশেষ করে ‘স্কুইড গেম’ সিরিজে তাঁর অনবদ্য অভিনয় এবং পরিচালক না হং-জিনের ‘হোপ’ চলচ্চিত্রে তাঁর উপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ভোগের বিশ্লেষণ অনুযায়ী, যদি নতুন জেমস বন্ড ছবির গল্পের প্রেক্ষাপট এশিয়ার কোনো দেশে বিস্তৃত হয়, তবে নায়িকা হিসেবে জং হো-ইয়ন হতে পারেন এক চমৎকার পছন্দ।

তবে মনে রাখা প্রয়োজন, এটি সম্পূর্ণভাবে ভোগের নিজস্ব একটি সম্ভাব্য তালিকা। জং হো-ইয়নকে বন্ডকন্যার চরিত্রে নেওয়া হবে কি না, সে বিষয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম স্টুডিওস এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

২০২১ সালে ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান জং হো-ইয়ন। ওই সিরিজে তিনি উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কাং সে-বিয়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নির্মাতা আলফনসো কুয়ারনের ‘ডিসক্লেইমার’ সিরিজেও তাঁকে দেখা গেছে।

চলতি বছর না হং-জিন পরিচালিত ‘হোপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। উল্লেখ্য, এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে।

ভোগের এই তালিকায় জং হো-ইয়ন ছাড়াও মার্গারেট কোয়ালি, জেনডায়া এবং ফ্লোরেন্স পিউয়ের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম রয়েছে। এর আগে জেমস বন্ড সিরিজে এশীয় অভিনেত্রীদের দেখা গেছে। ১৯৯৭ সালে ‘টুমরো নেভার ডাইস’ ছবিতে বন্ডের বিপরীতে অভিনয় করেছিলেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। তবে এখন পর্যন্ত কোনো কোরীয় অভিনেত্রী বন্ডকন্যার চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। জং হো-ইয়ন এই সুযোগ পেলে তিনিই হবেন প্রথম কোরীয় অভিনেত্রী হিসেবে এই গৌরব অর্জনকারী।

জেমস বন্ড সিরিজের ২৬তম ছবিতে বন্ডের ভূমিকায় অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ সিরিজের খ্যাতনামা নির্মাতা ডেনিস ভিলনভ এবং চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা স্টিভেন নাইট।

কে এই জং হো-ইয়ন?

১৯৯৪ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্ম জং হো-ইয়োনের। অভিনয়ের জগতে প্রবেশের আগে তিনি মডেল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন। ২০১৩ সালে ‘কোরিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতার চতুর্থ আসরে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। এই সাফল্যের পর আন্তর্জাতিক ফ্যাশনজগতে তাঁর কাজের সুযোগ তৈরি হয়।

লুই ভিতোঁ, শ্যানেল, ফেন্ডি এবং মিউ মিউয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন জং হো-ইয়ন। ২০২১ সালে ‘স্কুইড গেম’ সিরিজের মাধ্যমে তাঁর অভিনয়ের অভিষেক হয়। এই সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য ২০২২ সালে তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারের টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এই আন্তর্জাতিক স্বীকৃতির পর হলিউডেও তাঁর জন্য কাজের দুয়ার খুলে যায়।