জেমস বন্ডের আইকনিক চরিত্রে এবার আসছে নতুন মুখ। ৪০ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন হতে যাচ্ছেন পরবর্তী ০০৭। এই নতুন বন্ড সিনেমা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ডিউন’ খ্যাত পরিচালক ডেনি ভিলনুভকে। ছবির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট এবং প্রযোজনার দায়িত্বে থাকছেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকেল। তবে রবার্ট প্যাটিনসনের কথা সামনে আসার পর থেকেই দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন—কে হতে যাচ্ছেন তাঁর বিপরীতে নায়িকা?

বন্ড ফ্র্যাঞ্চাইজিতে নারী চরিত্রের গুরুত্ব সবসময়ই অপরিসীম। তাঁরা কখনো বন্ডের বিশ্বস্ত সহযোগী, কখনো তীব্র প্রতিদ্বন্দ্বী, আবার কখনো রহস্যময় এমন এক চরিত্র যাদের বিশ্বাস করা কঠিন। ষাটের দশকের উরসুলা আন্দ্রেসের ‘হানি রাইডার’, ডায়ানা রিগের ‘তেরেসা দি ভিসেঞ্জা’ কিংবা অনার ব্ল্যাকম্যানের ‘পুসি গ্যালোর’ থেকে শুরু করে আধুনিক যুগের ইভা গ্রিনের ‘ভেসপার লিন’—প্রত্যেকেই এই সিনেমার ইতিহাসে নিজস্ব জায়গা করে নিয়েছেন।

‘টুমরো নেভার ডাইস’ সিনেমায় মিশেল ইয়োর ‘ওয়াই লিন’ এবং ‘স্পেকটার’ ও ‘নো টাইম টু ডাই’ ছবিতে লেয়া সেদুর অভিনীত ‘ম্যাডেলিন সোয়ান’ চরিত্রগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। তবে সময়ের সাথে সাথে ‘বন্ড গার্ল’ ধারণাটি পরিবর্তিত হচ্ছে। এখন কেবল প্রেমিকার চেয়েও স্বতন্ত্র ব্যক্তিত্ব, বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাসম্পন্ন নারী চরিত্রের চাহিদা বাড়ছে। এই পরিবর্তনের ফলে ‘বন্ড গার্ল’-এর পরিবর্তে ‘বন্ড ওম্যান’ শব্দটির ব্যবহার এখন আলোচনায় আসছে।

পরিচালক ডেনি ভিলনুভের পূর্ববর্তী কাজগুলো দর্শকদের মনে আশার আলো জাগিয়েছে। ‘অ্যারাইভাল’-এ অ্যামি অ্যাডামস, ‘সিকারিও’-তে এমিলি ব্লান্ট এবং ‘ডুন’ সিরিজে জেনডায়ার ও রেবেকা ফার্গুসনের মতো অভিনেত্রীদের তিনি অত্যন্ত শক্তিশালী চরিত্রে ফুটিয়ে তুলেছেন। তাই প্যাটিনসনের বিপরীতে এমন কাউকে দেখা যেতে পারে, যিনি কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শককে মুগ্ধ করবেন। বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি নতুন বন্ড সিনেমার সম্ভাব্য নায়িকা হিসেবে ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জেনডায়া, ফ্লোরেন্স পিউ, মার্গট রবি, লুপিতা নিয়োঙ্গো এবং এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় মুখরা রয়েছেন।

জেনডায়া
তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো জেনডায়া। চলতি বছরে রবার্ট প্যাটিনসনের সঙ্গে তাঁর একাধিক সিনেমার কাজ হয়েছে। এ২৪-এর ‘দ্য ড্রামা’ ছবিতে তাঁরা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। এরপর ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তে আবারও তাঁদের একসঙ্গে দেখা গেছে। সামনে ডেনি ভিলনুভের ‘ডিউন : পার্ট থ্রি’–তেও থাকছেন এই জুটি। ফলে পর্দায় তাঁদের রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুবার এমি জয়ী এই অভিনেত্রীকে নতুন বন্ড সিনেমায় এমন এক এমআই৬ কর্মকর্তার চরিত্রে দেখা যেতে পারে, যাঁর আনুগত্য নিয়ে শেষ পর্যন্ত সন্দেহ থেকে যাবে। বন্ডের সহযোগী হয়েও তিনি নিজের স্বার্থে কাজ করতে পারেন—এমন চরিত্রে জেনডায়াকে মানাবে বলে মনে করছে ভ্যারাইটি।

ফ্লোরেন্স পিউ
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ইয়েলেনা বেলোভা চরিত্রে অভিনয় করে অ্যাকশন দৃশ্যে নিজের দক্ষতা দেখিয়েছেন ফ্লোরেন্স পিউ। ব্ল্যাক উইডো হিসেবে তাঁর লড়াইয়ের দৃশ্যগুলো প্রশংসিত হয়েছে। ফলে বন্ডের বিপরীতে এমন একজন সাহসী নারী চরিত্রে তাঁকে দেখা যেতে পারে, যিনি বিপদের মুখেও অটল থাকেন। প্যাটিনসনের সঙ্গে ‘ডিউন: পার্ট থ্রি’–তেও অভিনয় করছেন পিউ, যা তাঁদের রসায়ন যাচাই করার সুযোগ করে দেবে।

এমিলি ব্লান্ট
বন্ড সিনেমায় বয়সের চেয়ে চরিত্রের গভীরতা বেশি গুরুত্বপূর্ণ, যার উদাহরণ ‘স্পেকটার’-এ মনিকা বেলুচ্চির উপস্থিতি। এমিলি ব্লান্টকে নতুন বন্ডের পাশে একজন অভিজ্ঞ এমআই৬ কর্মকর্তার চরিত্রে দেখতে চায় ভ্যারাইটি। ভিলনুভের ‘সিকারিও’ ছবিতে এফবিআই কর্মকর্তা কেট ম্যাসারের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন ব্লান্ট। এছাড়া ‘এজ অব টুমরো’ ও ‘আ কোয়ায়েট প্লেস’ সিরিজেও তিনি অ্যাকশন সামর্থ্য দেখিয়েছেন। সামনে ‘সিকারিও ৩’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’–তেও দেখা যাবে তাঁকে। বন্ডের জগতে বুদ্ধিমান ও দৃঢ়চেতা নারী চরিত্রে ব্লান্ট হতে পারেন আকর্ষণীয় সংযোজন।

অ্যাড্রিয়া আরজোনা
অ্যাকশন ও রহস্য—উভয় ক্ষেত্রেই দক্ষ অ্যাড্রিয়া আরজোনা। ‘হিট ম্যান’ ছবিতে তিনি যেমন বুদ্ধিদীপ্ত নারী চরিত্রে অভিনয় করেছেন, তেমনি ‘অনস্লট’ ছবিতে তাঁকে দেখা যাবে সেনাবাহিনীর প্রশিক্ষিত এক স্নাইপারের ভূমিকায়। জেমস গান পরিচালিত ডিসি ইউনিভার্সের ‘ম্যান অব টুমরো’ ছবিতে ম্যাক্সিমা চরিত্রে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি অ্যামাজন এমজিএমের ‘দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার’-এ এফবিআই কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। ফলে অ্যামাজনের নতুন বন্ড ফ্র্যাঞ্চাইজিতে তাঁর নাম আলোচনায় আসাটা স্বাভাবিক।

লুপিতা নিওঙ্গ
রবার্ট প্যাটিনসনের সঙ্গে ‘দ্য ওডিসি’–তে অভিনয় করেছেন অস্কারজয়ী লুপিতা নিওঙ্গ। গুপ্তচরবৃত্তির গল্পেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। ‘ব্ল্যাক প্যান্থার’-এ ওয়াকান্ডার গোপন অভিযানের সঙ্গে যুক্ত নাকিয়া চরিত্রে অভিনয় করেছেন তিনি। আবার ‘দ্য ৩৫৫’ ছবিতে অভিনয় করেছেন সাবেক এমআই৬ কম্পিউটার বিশেষজ্ঞের ভূমিকায়। নতুন বন্ড সিনেমায় তাঁকে এমন এক সহযোগীর চরিত্রে দেখা যেতে পারে, যাঁর প্রকৃত উদ্দেশ্য নিয়ে দর্শকের মনে সংশয় থাকবে। বন্ডের পাশে থেকেও তিনি কতটা বিশ্বস্ত, সেটি হতে পারে গল্পের বড় রহস্য।

মার্গো রবি
‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘ফোকাস’ ও ‘বার্বি’র মতো বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন মার্গট রবি। ডিসি সিনেমায় হার্লি কুইন চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফলে বন্ড সিনেমায় তাঁকে একজন ধূর্ত, আকর্ষণীয় ও বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে দেখার আগ্রহ রয়েছে। সম্প্রতি ‘উদারিং হাইটস’ ছবিতে ক্যাথরিন আর্নশ চরিত্রে অভিনয় করেছেন রবি। এ ছাড়া ‘ওশানস ইলেভেন’-এর প্রিক্যুয়েলেও যুক্ত রয়েছেন তিনি। উচ্চবিত্ত সমাজের আড়ালে অপরাধের জাল বিস্তার করা এক রহস্যময় নারী চরিত্রে তাঁকে মানাতে পারে।

আনা সাওয়াই
‘শোগুন’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন জাপানি অভিনেত্রী আনা সাওয়াই। এই সিরিজের জন্য ড্রামা বিভাগে প্রধান অভিনেত্রী হিসেবে এমি জিতে ইতিহাস গড়েছেন তিনি। ‘নিনজা অ্যাসাসিন’ ও ‘এফ নাইন’-এর মতো ছবিতে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন। সাওয়াইয়ের অভিনয়ে একই সঙ্গে কোমলতা, আনুগত্য ও বিপজ্জনক দিক ফুটে ওঠে। নতুন বন্ড সিনেমায় এমন একটি চরিত্রে তাঁকে দেখা যেতে পারে, যাঁর হাসির আড়ালেও লুকিয়ে থাকবে রহস্য। সাম মেন্ডেস পরিচালিত বিটলসের চারটি সিনেমায় জন লেননের স্ত্রী ইয়োকো ওনোর চরিত্রেও অভিনয় করছেন তিনি।

আনিয়া টেলর-জয়
‘দ্য কুইনস গ্যাম্বিট’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া আনিয়া টেলর-জয় অ্যাকশন সিনেমাতেও নিজের দক্ষতা দেখিয়েছেন। ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’ ছবিতে দুর্ধর্ষ যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামনে ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলম’ ছবিতেও দেখা যাবে তাঁকে। প্যাটিনসনের সঙ্গে ‘ডুন: পার্ট থ্রি’–তে অভিনয় করছেন টেলর-জয়। নতুন বন্ড সিনেমায় তাঁকে দেখা গেলে বুদ্ধির লড়াইও হতে পারে গল্পের আকর্ষণ। বিশেষ করে ‘দ্য কুইনস গ্যাম্বিট’-এর দাবা খেলার অভিজ্ঞতার সূত্র ধরে বন্ডের সঙ্গে তাঁর বুদ্ধির লড়াই দর্শকের আগ্রহ বাড়াতে পারে।

সিডনি সুইনি
‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’ দিয়ে পরিচিতি পাওয়া সিডনি সুইনিকে নিয়েও আলোচনা রয়েছে। ‘ক্রিস্টি’ ছবিতে একজন বক্সারের চরিত্রে অভিনয়ের জন্য মাসের পর মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে ওজনও বাড়িয়েছেন প্রায় ৩০ পাউন্ড। অ্যাকশন সিনেমায় এখনো খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও নতুন বন্ড সিনেমা হতে পারে তাঁর জন্য বড় সুযোগ। তবে প্যাটিনসনের অদ্ভুত রসবোধ ও অভিনয়ের ধরন সামলাতে পারবেন কি না, সেটিও কৌতূহলের বিষয় বলে মনে করছে ভ্যারাইটি।

সোফি টার্নার
‘গেম অব থ্রোনস’-এর সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন সোফি টার্নার। তবে টেলিভিশনের সাফল্য এখনো সিনেমায় পুরোপুরি কাজে লাগাতে পারেননি তিনি। বন্ড সিনেমা হতে পারে সেই সুযোগ। অ্যামাজনের ‘টম্ব রেইডার’ সিরিজে লারা ক্রফট চরিত্রে অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন টার্নার। অ্যাকশন ও গুপ্তচরবৃত্তির জগতে তাঁর প্রবেশের পথ তৈরি হতে পারে নতুন বন্ড সিনেমার মাধ্যমে।

জেমা চ্যান
বন্ডের জগতে জেমা চ্যানের প্রবেশ অবশ্য ইতিমধ্যে ঘটেছে। ভিডিও গেম ‘০০৭ ফার্স্ট লাইট’-এ ড. সেলিনা তান চরিত্রে কণ্ঠ ও অভিনয় দিয়েছেন তিনি। মনোবিজ্ঞান ও গেম থিওরিতে দক্ষ এই চরিত্র এমআই৬-এ বন্ডের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘ক্রেজি রিচ এশিয়ানস’, ‘ইটারনালস’ ও ‘দ্য ক্রিয়েটর’-এর অভিনেত্রীকে এবার বড় পর্দার বন্ড সিনেমায় দেখা গেলে সেটি হবে স্বাভাবিক ধারাবাহিকতা।

মারিও কোঁতিয়া
ফরাসি অভিনেত্রী মারিও কোঁতিয়াকে বন্ড সিনেমায় দেখার প্রস্তাবও দিয়েছে ভ্যারাইটি। ‘অ্যালাইড’ ছবিতে গুপ্তচরবৃত্তি, প্রেম ও প্রতারণার জটিল গল্পে অভিনয় করেছেন তিনি। ক্রিস্টোফার নোলানের ‘ইনসেপশন’-এও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন। রবার্ট প্যাটিনসনের সঙ্গে ১৫ বছর আগে ‘কসমোপলিস’ ছবিতে অভিনয়ের কথা ছিল মারিও কোঁতিয়ার। শেষ পর্যন্ত সেটি হয়নি। নতুন বন্ড সিনেমা হতে পারে তাঁদের একসঙ্গে পর্দায় আসার আরেকটি সুযোগ। ৫১ বছর বয়সী এই অভিনেত্রীকে নেওয়া হলে বন্ডের প্রেমিকা হিসেবে অপেক্ষাকৃত তরুণ অভিনেত্রী বেছে নেওয়ার প্রচলিত ধারণাও ভাঙবে।

মার্গারেট কোয়ালি
২০২৫ সালের অস্কার অনুষ্ঠানে বন্ড ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছিলেন মার্গারেট কোয়ালি। লাল পোশাকে তাঁর নাচের পরিবেশনা দেখে অনেকেই তাঁকে বন্ড সিনেমার উপযুক্ত মনে করেছিলেন। প্রশিক্ষিত নৃত্যশিল্পী কোয়ালি সামনে ফ্রেড অ্যাস্টেয়ারের জীবনীভিত্তিক ছবিতে অ্যাডেল অ্যাস্টেয়ার চরিত্রে অভিনয় করবেন। গুপ্তচরবৃত্তির আবহেও দেখা যাবে তাঁকে ‘পজেশন’ ছবির নতুন সংস্করণে।

লিলি জেমস
‘ডাউনটন অ্যাবি’ দিয়ে পরিচিতি পাওয়া লিলি জেমস সিনেমা, টেলিভিশন ও মঞ্চ—তিন মাধ্যমেই কাজ করেছেন। ‘সিনডারেলা’ ও ‘মামা মিয়া! হিয়ার উই গো এগেইন’ ছবিতে গানের দক্ষতা দেখিয়েছেন। ‘বেবি ড্রাইভার’ ও ‘ইয়েস্টারডে’ ছবিতেও অভিনয় করেছেন। বড় কোনো ফ্র্যাঞ্চাইজিতে এখনো যুক্ত হননি তিনি। বন্ড সিনেমা হতে পারে তাঁর ক্যারিয়ারের বড় বাঁক।

গুগু এমবাথা-র
ব্রিটিশ গুপ্তচরবৃত্তির গল্পে আগেও কাজ করেছেন গুগু এমবাথা-র। বিবিসির ‘স্পুকস’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় দিয়ে শুরু। পরে ‘বেল’ ছবিতে নাম ভূমিকায় এবং মার্ভেলের ‘লোকি’ সিরিজে রাভোনা রেন্সলেয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অ্যাপল টিভির মনস্তাত্ত্বিক থ্রিলার ‘সারফেস’-এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। বন্ডের বিপরীতে বুদ্ধিমান ও রহস্যময় চরিত্রে তাঁকে মানাবে।

ইসাবেলা মার্সেড
‘ট্রান্সফরমারস’ ও ‘ডোরা দ্য এক্সপ্লোরার’ দিয়ে হলিউডে যাত্রা শুরু ইসাবেলা মার্সেডের। পরে ‘এলিয়েন: রোমুলাস’ ও ‘দ্য লাস্ট অব আস’-এ অভিনয় করে অ্যাকশন চরিত্রে নিজের জায়গা তৈরি করেছেন। ‘সুপারম্যান’ ছবিতে হকগার্ল চরিত্রেও দেখা গেছে তাঁকে। বয়সে প্যাটিনসনের চেয়ে ১৫ বছরের ছোট হলেও বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ইন্দে নাভারেটে
তুলনামূলক নতুন মুখ ইন্দে নাভারেটকে সম্ভাব্য বন্ড গার্ল হিসেবে দেখছে ভ্যারাইটি। ‘সুপারম্যান অ্যান্ড লয়েস’ ও ‘১৩ রিজনস হোয়াই’ সিরিজে অভিনয়ের পর হরর সিনেমা ‘অবসেশন’-এ নজর কেড়েছেন তিনি। মার্ভেলের ‘এক্স-মেন’ সিনেমায় রোগ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সামনে অ্যাপল টিভির কল্পবিজ্ঞান থ্রিলার ‘দ্য ওয়াফল হাউস ইনডেক্স’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও থাকবেন। নতুন বন্ড সিনেমায় তরুণ এক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে তাঁকে দেখা যেতে পারে।

হান্টার শেফার
ট্রান্সজেন্ডার অভিনেত্রী হান্টার শেফারকে বন্ডের নায়িকা করা হলে সেটি হবে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে নতুন অধ্যায়। ‘ইউফোরিয়া’ সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। সামনে অ্যামাজন এমজিএমের ‘ব্লেড রানার ২০৯৯’ সিরিজেও দেখা যাবে তাঁকে। বন্ডের সঙ্গে তাঁর কথার লড়াই কিংবা বিপজ্জনক কোনো অভিযানে মুখোমুখি হওয়ার দৃশ্য দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে।

চেজ ইনফিনিটি
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন চেজ ইনফিনিটি। ছবিতে অভিনয়ের আগে কিকবক্সিং প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। নিজের অভিনয়ের জন্য বাফটা ও গোল্ডেন গ্লোবের মনোনয়নও পেয়েছেন। বড় অ্যাকশন সিনেমায় অভিনয় করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। নতুন বন্ড সিনেমায় একজন নবীন এমআই৬ কর্মকর্তা কিংবা বন্ডের জায়গায় আসা নতুন এজেন্ট হিসেবে তাঁকে ভাবা হচ্ছে।

১৯ জনের এই তালিকায় অভিজ্ঞ অস্কারজয়ী অভিনেত্রী যেমন রয়েছেন, তেমনি আছেন হলিউডের নতুন প্রজন্মের তারকারাও। কেউ অ্যাকশন চরিত্রে দক্ষ, কেউ গুপ্তচরবৃত্তির গল্পে অভিনয় করেছেন, আবার কেউ পর্দায় রহস্য ও আকর্ষণ তৈরিতে পারদর্শী। সে জন্যই তাঁদের নাম সম্ভাব্য বন্ড গার্লের তালিকায় রেখেছে ভ্যারাইটি।