২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের যাত্রা শেষ হয়। এরপর দীর্ঘ পাঁচ বছর ধরে চলছে নতুন ‘০০৭’ খোঁজার প্রক্রিয়া। কে হবেন পরবর্তী জেমস বন্ড—এই প্রশ্নটি এখন হলিউডের সবচেয়ে আলোচিত বিষয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের জল্পনা তুঙ্গে। একের পর এক অভিনেতা অডিশন দিয়েছেন। আলোচনায় উঠে এসেছে ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস এবং হ্যারি স্টাইলসের মতো তারকাদের নাম।

তবে নভেম্বরের শুরুতে এই প্রতিযোগিতায় নতুন মোড় এসেছে। ভ্যারাইটির ৯ নভেম্বরের এক প্রতিবেদন অনুযায়ী, রবার্ট প্যাটিনসন ও নিকোলাস হোল্টও গোপনে স্ক্রিন টেস্ট দিয়েছেন। ফলে আগে যাঁদের নাম আলোচনায় ছিল, তাঁদের পাশাপাশি এখন যুক্ত হয়েছেন হলিউডের আরও দুই প্রতিষ্ঠিত তারকা।

প্রাপ্ত তথ্যানুযায়ী, বাজির বাজারে ক্যালাম টার্নারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। তবে জ্যাক লোডেন ও জশ ও’কনরও প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন। নতুন দুই তারকার আগমনে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই গুপ্তচরের চরিত্রে কে সুযোগ পান।

নতুন জেমস বন্ড খোঁজার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলতি বছরের মে মাসে শুরু করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিনা গোল্ডকে, যিনি ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য ক্রাউন’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন। শুরুতে অনেক অভিনেতার নাম আলোচনায় এলেও অক্টোবরের শেষ সপ্তাহে জানা যায় যে, নির্বাচনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ভ্যারাইটি ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনে চূড়ান্ত স্ক্রিন টেস্টের আয়োজন করা হচ্ছে। এই পরীক্ষায় অভিনয়ের পাশাপাশি শারীরিক সক্ষমতা, অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা, ক্যামেরার সামনে উপস্থিতি এবং সংলাপ বলার দক্ষতা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ক্যালাম টার্নার ও জ্যাক লোডেনের নাম সামনে এলেও পরে জশ ও’কনরকেও সম্ভাব্য চূড়ান্ত তালিকায় রাখা হয়। এরপর নিকোলাস হল্ট ও রবার্ট প্যাটিনসনের স্ক্রিন টেস্টের খবর আসায় প্রতিযোগিতায় এখন অন্তত পাঁচজনের নাম আলোচনায় রয়েছে। তবে মনে রাখা প্রয়োজন, অ্যামাজন এমজিএম আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেনি এবং অডিশনের খবরগুলো মূলত সংবাদমাধ্যমের সূত্রের ওপর ভিত্তি করে। স্টুডিও এখনো কাউকে পরবর্তী বন্ড হিসেবে ঘোষণা করেনি।

ক্যালাম টার্নার: আলোচনার কেন্দ্রে কেন?
৩৬ বছর বয়সী টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ, ‘দ্য বয়েজ ইন দ্য বোট’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’-এর মতো কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁকে সম্ভাব্য বন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ এই অভিনেতার ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি ও অ্যাকশনধর্মী চরিত্রে অভিজ্ঞতার কারণে তাঁর নাম আলোচনায় রয়েছে। সাবেক বন্ড অভিনেতা পিয়ার্স ব্রসনানও তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তাঁদের পরিচয় আগে থেকেই ছিল, কারণ তাঁরা একসঙ্গে ‘দ্য অনলি লিভিং বয় ইন নিউইয়র্ক’ ছবিতে অভিনয় করেছিলেন।

টার্নারের ব্যক্তিগত জীবনও এখন আলোচনার বিষয়। তিনি পপ তারকা ডুয়া লিপার সঙ্গে সম্পর্কে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে বলছেন, টার্নার বন্ড হলে ছবির থিম সং গাইতে পারেন ডুয়া লিপা।

জ্যাক লোডেন: গ্যারি ওল্ডম্যানের ইঙ্গিত
৩৬ বছর বয়সী জ্যাক লোডেন ‘স্লো হর্সেস’ সিরিজে রিভার কার্টরাইট চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন। ব্রিটিশ ও স্কটিশ মঞ্চ ও পর্দার কাজেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। অ্যাপল টিভি প্লাসের গুপ্তচরধর্মী সিরিজ ‘স্লো হর্সেস’-এ তাঁর অভিনয়ই তাঁকে বন্ড চরিত্রের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।

জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন তাঁর সহশিল্পী গ্যারি ওল্ডম্যান। ওল্ডম্যান এমন ইঙ্গিত দিয়েছিলেন যে, নতুন বন্ড ইতিমধ্যে বেছে নেওয়া হয়ে থাকতে পারে। অনেকে এই মন্তব্যকে লোডেনের পক্ষে ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও এর কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই। লোডেনের স্ত্রী অভিনেত্রী সার্শা রোনান এ বিষয়ে কথা বলে জানিয়েছেন, বিষয়টি তাঁদের সংসারে বিশেষ আলোচনার বিষয় নয়।

জশ ও’কনর: নীরব প্রতিযোগী
‘দ্য ক্রাউন’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘গডস ওন কান্ট্রি’ ছবির অভিনেতা জশ ও’কনর তাঁর সংযত অভিনয় ও চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার দক্ষতার জন্য পরিচিত। ‘দ্য ক্রাউন’ সিরিজে প্রিন্স চার্লস চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি পান এবং পরবর্তীতে ‘চ্যালেঞ্জার্স’ ছবিতে আরও আলোচনায় আসেন। বন্ড হওয়ার গুঞ্জন থাকলেও তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। অক্টোবরের শেষ দিকে তাঁর নাম চূড়ান্ত স্ক্রিন টেস্টের তালিকায় আসায় বাজির বাজারে ৫ নভেম্বর তাঁর পক্ষে সমর্থন ছিল ১২ শতাংশ। তবে নতুন দুই তারকার আগমনে এই হিসাব বদলেছে।

রবার্ট প্যাটিনসন: ব্যাটম্যানের পর এবার বন্ড?
৪০ বছর বয়সী রবার্ট প্যাটিনসন ‘টোয়াইলাইট’, ‘দ্য ব্যাটম্যান’, ‘টেনেট’ ও ‘দ্য লাইটহাউস’-এর মতো ছবির জন্য জনপ্রিয়। ৯ নভেম্বরের ভ্যারাইটি প্রতিবেদনে তাঁর নাম আসার পর আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ব্যাটম্যান হিসেবে পরিচিত প্যাটিনসন এবার গুপ্তচরের ভূমিকায় কেমন করবেন, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। প্যাটিনসনের জন্য একটি বাড়তি সুবিধা হলো পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা। ভিলনভের আসন্ন ‘ডিউন: পার্ট থ্রি’ ছবিতে অভিনয় করছেন তিনি, যা বন্ড নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিকোলাস হল্ট: নতুন চমক
৩৬ বছর বয়সী নিকোলাস হল্ট ‘এক্স–ম্যান’ সিরিজ, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘দ্য গ্রেট’ ও ‘নসফেরাতু’ ছবিতে অভিনয় করেছেন। এছাড়া ‘সুপারম্যান’ ছবিতে লেক্স লুথরের ভূমিকায় দেখা গেছে তাঁকে। রবার্ট প্যাটিনসনের পাশাপাশি হল্টের নামও চূড়ান্ত স্ক্রিন টেস্টের খবরে এসেছে। তাঁর অভিনয়জীবনে বৈচিত্র্য রয়েছে; তিনি বড় বাজেটের অ্যাকশন ছবির পাশাপাশি ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক চরিত্রেও পারদর্শী। এর আগেও তাঁর নাম বন্ডের প্রার্থী হিসেবে আলোচনায় ছিল, তবে সাম্প্রতিক স্ক্রিন টেস্টের খবর তাঁকে পুনরায় প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে এসেছে।

বাদ পড়লেন কারা?
বন্ড হওয়ার দৌড়ে শুরুতে যাঁদের নাম জোরালোভাবে শোনা গিয়েছিল, সবাই যে শেষ পর্যন্ত থাকছেন তা নয়। দ্য গার্ডিয়ান ও ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, জ্যাক ও’কনেল ও জ্যাকব এলর্ডি চূড়ান্ত স্ক্রিন টেস্টে অংশ নিচ্ছেন না। বিশেষ করে ‘এফরিয়া’ ও ‘সল্টবার্ন’ খ্যাত জ্যাকব এলর্ডির বয়স ও শারীরিক গড়ন বন্ড চরিত্রের জন্য উপযোগী মনে হলেও অক্টোবরের শেষ দিকে তাঁর নাম চূড়ান্ত তালিকায় নেই বলে জানা গেছে। এছাড়া অ্যারন টেলর–জনসন, থিও জেমস, জনাথন বেইলি, হ্যারি স্টাইলস ও পল মেসকালসহ অনেকের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এলেও তাঁদের অডিশনের খবর নিশ্চিত নয়।

ডেনিস ভিলনভ কী বলছেন?
নতুন জেমস বন্ড ছবির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কানাডীয় নির্মাতা ডেনিস ভিলনভ। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’, ‘অ্যারাইভাল’ ও ‘প্রিজনার্স’ ছবির জন্য পরিচিত এই নির্মাতা নিজেও বন্ডের ভক্ত। তবে বন্ড নির্বাচনের বিষয়ে তিনি মুখ খুলতে নারাজ। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এলএসি এমএ আর্ট + ফিল্ম গালায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি মজা করে বলেন, “আজ রাতেই আমি ঘোষণা করব, কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড!” এরপরই থেমে গিয়ে বলেন, “আর বলছি না। কারণ, অ্যামি প্যাসকালের হার্ট অ্যাটাক হয়ে যাবে।”

ভিলনভের এই রসিকতায় উপস্থিত সবাই হাসলেও তিনি নাম প্রকাশ করেননি, তবে নতুন ছবির কাজ নিয়ে তিনি বেশ আনন্দিত বলে জানিয়েছেন।

চিত্রনাট্যে ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতানুযায়ী নতুন বন্ড ছবির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের স্রষ্টা হিসেবে পরিচিত নাইটের লেখায় অপরাধজগৎ, ক্ষমতার লড়াই ও রাজনৈতিক ষড়যন্ত্রের আবহ থাকে। বন্ডের নতুন গল্পেও তেমন কিছু থাকবে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে। ছবিটি প্রযোজনা করছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান এবং নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন তানিয়া ল্যাপয়েন্তে।

বন্ড ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও সৃজনশীল নিয়ন্ত্রণে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘকাল ধরে বারবারা ব্রোকলি ও মাইকেল জি উইলসনের পরিবার এই সিরিজের সিদ্ধান্ত নিতেন। তবে ২০২৫ সালে অ্যামাজন এমজিএম স্টুডিওস সৃজনশীল নিয়ন্ত্রণ পাওয়ার পর নতুন ছবিটি তাদের অধীনেই তৈরি হচ্ছে। ফলে বন্ডের চরিত্র ও গল্প নিয়ে নতুন পরিকল্পনার সুযোগ তৈরি হয়েছে।

কবে জানা যাবে নতুন বন্ডের নাম?
স্টুডিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযোজক অ্যামি প্যাসকাল চলতি বছরের আগস্টে ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শেষ দিকে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে। প্যাসকাল বলেছিলেন, “সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁরা খুব সতর্ক ও পদ্ধতিগতভাবে এগোচ্ছেন। ড্যানিয়েল ক্রেগের জায়গায় নতুন কাউকে নেওয়া সহজ নয়। চরিত্রটিকে এমনভাবে ফিরিয়ে আনতে চান, যাতে দর্শকেরা নতুন কিছু পান।”

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৭ সালে ছবিটির শুটিং শুরু হতে পারে এবং সম্ভাব্য মুক্তির সময় ২০২৮ সাল। তবে এই সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।