একসময় তিনি ছিলেন বিশ্বজুড়ে তরুণীদের স্বপ্নের পুরুষ। পর্দায় তাঁর রহস্যময় হাসি, তীক্ষ্ণ চাহনি আর এক অদ্ভুত অতিপ্রাকৃত আকর্ষণ কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছিল। স্টেফানি মেয়ারের জনপ্রিয় উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত ‘টোয়ালাইট’ সিরিজের ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত হন রবার্ট প্যাটিনসন। সেই সময়ে তাঁর পরিচিতি ছিল মূলত একজন রোমান্টিক নায়ক হিসেবে। অনেকেরই মনে হয়েছিল, এই নির্দিষ্ট ইমেজের বাইরে বেরিয়ে আসা তাঁর জন্য প্রায় অসম্ভব হবে। তবে সময়ের সাথে সাথে ব্রিটিশ এই অভিনেতা সেই সব ধারণাকে ভুল প্রমাণ করেছেন।
ভ্যাম্পায়ারের প্রেমিক থেকে শুরু করে কখনো অস্থির চিত্তের অপরাধী, কখনো মানসিকভাবে বিপর্যস্ত বাতিঘরের কর্মী, আবার কখনো এক অদ্ভুত মহাকাশযাত্রার যাত্রী—বিচিত্র সব চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। বড় বাজেটের বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি তিনি বেছে নিয়েছেন নির্মাতানির্ভর স্বাধীন ধারার সিনেমা। এমন অনেক চরিত্রে তিনি অভিনয় করেছেন, যা তাঁর আগের পরিচিত ইমেজের সঙ্গে একেবারেই খাপ খায় না। এরপর তিনি পর্দায় আসেন সুপারহিরো ব্যাটম্যান হিসেবে। আর এবার তাঁর দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও এক বিশাল অধ্যায়—জেমস বন্ড। গত ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, ড্যানিয়েল ক্রেগের পর সপ্তম অভিনেতা হিসেবে বিখ্যাত ০০৭ চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসনকে। নতুন এই বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ এবং এর চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট।
এক সময়ে জনপ্রিয় সংস্কৃতি যাঁকে কেবল কিশোরীদের প্রিয় ভ্যাম্পায়ার হিসেবেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল, তিনি আজ হলিউডের অন্যতম আলোচিত এবং বহুমাত্রিক একজন অভিনেতা। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এটাই যে, তিনি নিজেকে কখনোই একটি নির্দিষ্ট পরিচয়ে বন্দি হতে দেননি।
রবার্ট ডগলাস টমাস প্যাটিনসনের জন্ম ১৯৮৬ সালের ১৩ মে লন্ডনের বার্নস এলাকায়। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তাঁর প্রবল ঝোঁক ছিল। স্কুলের নাটক থেকে শুরু করে থিয়েটার দলের সঙ্গে যুক্ত থেকে তিনি অভিনয়ের হাতেখড়ি পান। কৈশোরে মঞ্চের অভিজ্ঞতাই তাঁকে পেশাদার অভিনয়জগতে প্রবেশের পথ করে দেয়।
২০০৪ সালে ‘ভ্যানিটি ফেয়ার’ সিনেমায় অভিনয় করলেও চূড়ান্ত সংস্করণে তাঁর উপস্থিতি ছিল না। তবে ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে তিনি সবার নজর কাড়েন। হ্যারি পটারের সহপাঠী হিসেবে সুদর্শন ও মেধাবী এই তরুণের উপস্থিতি দর্শকদের মনে দাগ কাটে।
তবে প্রকৃত বিশ্বজোড়া খ্যাতি আসে ২০০৮ সালে। স্টেফানি মেয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিনেমায় এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। গল্পের এডওয়ার্ড একজন ভ্যাম্পায়ার, যে সাধারণ মানবী বেলা সোয়ানের প্রেমে পড়ে। চরিত্রটিতে রহস্য, বিষণ্নতা, রোমান্টিকতা এবং এক বিপজ্জনক আকর্ষণের মিশেল ছিল।
ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পর একে একে আরও চারটি পর্ব নির্মিত হয়। পাঁচটি সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী এই সিরিজের আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। প্যাটিনসন হয়ে ওঠেন আন্তর্জাতিক সুপারস্টার। তাঁর পোশাক, চুলের ধরন থেকে শুরু করে সাক্ষাৎকার—সবকিছুই হয়ে ওঠে বিনোদন সংবাদমাধ্যমের প্রধান আলোচনার বিষয়।
পর্দার রসায়ন বাস্তব জীবনেও আলোচনার জন্ম দেয় ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে তাঁর সম্পর্কের মাধ্যমে। তাঁদের প্রেম, বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে ট্যাবলয়েডগুলোর আগ্রহ ছিল তুঙ্গে। তবে এই আকাশচুম্বী খ্যাতির মাঝে প্যাটিনসন সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করেননি। ভক্তদের উন্মাদনা তাঁকে অনেক সময় অস্বস্তিতে ফেলত। তাঁর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও জনপ্রিয়তা বেশি গুরুত্ব পাচ্ছিল। সম্ভবত এই কারণেই এডওয়ার্ড কালেনের সেই পরিচিত খাঁচা থেকে বেরিয়ে আসার তাগিদ তাঁর মনে আরও প্রবল হয়ে ওঠে।
‘টোয়ালাইট’ শেষ হওয়ার পর প্যাটিনসনের সামনে সুযোগ ছিল রোমান্টিক নায়ক হিসেবে হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করার। বড় বাজেটের ছবি বা জনপ্রিয় তারকাদের সঙ্গে জুটি বেঁধে তিনি সহজেই ক্যারিয়ার গড়তে পারতেন। কিন্তু তিনি বেছে নেন ভিন্ন এক পথ।
২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ সিনেমায় তিনি একজন তরুণ ধনকুবেরের চরিত্রে অভিনয় করেন। নিউইয়র্ক শহরের লিমুজিনে বসে থাকা অবস্থায় তাঁর জীবন, অর্থ ও অস্তিত্বের সংকট ফুটে ওঠে এক অদ্ভুত মানসিক যাত্রায়। এটি ছিল এডওয়ার্ড কালেনের রোমান্টিক আবহ থেকে সম্পূর্ণ বিপরীত এক চরিত্র।
এরপর ২০১৫ সালে ‘কুইন অব দ্য ডেজার্ট’ এবং ২০১৬ সালে জেমস গ্রের ‘দ্য লস্ট সিটি অব জেড’ সিনেমায় অভিনয় করেন। পরের ছবিতে তাঁকে দেখা যায় গোঁফওয়ালা এক ব্রিটিশ অভিযাত্রীর ভূমিকায়। এভাবে সুদর্শন তারকার ইমেজ ভেঙে চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার চেষ্টা চালিয়ে যান তিনি।
তবে প্যাটিনসনের অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেয় ২০১৭ সালের ‘গুড টাইম’। স্যাফডি ভ্রাতৃদ্বয় পরিচালিত এই ক্রাইম থ্রিলারে তিনি কনি নিকাস নামের এক ছোটখাটো অপরাধীর চরিত্রে অভিনয় করেন। জেলে বন্দী ভাইকে মুক্ত করতে নিউইয়র্কের অন্ধকার জগতে মরিয়া হয়ে ছুটে বেড়ায় কনি। চরিত্রটিতে আতঙ্ক, অপরাধবোধ এবং বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছিল।
এই সিনেমায় প্যাটিনসনের অভিনয় ছিল তাঁর আগের সব কাজের চেয়ে আলাদা। এখানে তিনি আর কোনো স্বপ্নের পুরুষ নন, বরং ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়া এক অসহায় অথচ বিপজ্জনক মানুষ। এই ছবির মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে নতুন পরিচয় পান এবং সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেন। ২০২০ সালে ‘গুড টাইম’ নিয়ে দ্য গার্ডিয়ানের এক আলোচনায় প্যাটিনসনের এই পরিবর্তনকে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করা হয়।
প্যাটিনসনের অভিনয়জীবনের আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো ২০১৮ সালের ‘হাই লাইফ’। ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের এই সায়েন্স ফিকশন ছবিতে তিনি মহাকাশে পাঠানো এক বন্দীর চরিত্রে অভিনয় করেন। পৃথিবী থেকে বহুদূরে এক মহাকাশযানে মানুষের অস্তিত্ব, নিঃসঙ্গতা ও নৈতিকতার জটিল প্রশ্ন উঠে আসে এই ছবিতে। এটি ছিল প্রচলিত বিনোদনধর্মী সিনেমার চেয়ে অনেক বেশি পরীক্ষামূলক একটি কাজ।
এরপর ২০১৯ সালে রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’ সিনেমাটি আসে। উইলেম ডাফোরের সঙ্গে অভিনয় করা এই ছবিতে দুজন বাতিঘরের কর্মী একটি নির্জন দ্বীপে দায়িত্ব পালন করেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস, দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতা, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা অস্পষ্ট হয়ে যায়।
সাদা-কালো দৃশ্য, অস্বস্তিকর পরিবেশ এবং তীব্র অভিনয়ের মাধ্যমে প্যাটিনসন নিজেকে এমনভাবে উপস্থাপন করেন, যা ‘টোয়ালাইট’–এর দর্শকদের কাছে ছিল প্রায় অচেনা। তাঁর অভিনয়ে ছিল শারীরিক অস্থিরতা, ভয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অনুভূতি। এই কাজগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে, জনপ্রিয়তা ধরে রাখার চেয়ে অভিনয়ের নতুন সম্ভাবনা খুঁজে বের করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
স্বাধীন ধারার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর প্যাটিনসন পুনরায় বড় বাজেটের ছবিতে ফেরেন, তবে এবার আত্মবিশ্বাসী একজন অভিনেতা হিসেবে।
২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় নীল চরিত্রে অভিনয় করেন তিনি। সময়ের বিপরীতমুখী যাত্রা ও গুপ্তচরবৃত্তির এই জটিল সিনেমায় জন ডেভিড ওয়াশিংটনের পাশাপাশি নজর কাড়েন প্যাটিনসন। তাঁর চরিত্রটি ছিল রহস্যময়, বুদ্ধিদীপ্ত এবং রসবোধসম্পন্ন। বিশেষ করে তাঁর সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করে।
২০২২ সালে আসে তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় চমক। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন তিনি। মাইকেল কিটন, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেকের মতো অভিনেতাদের পর এই চরিত্রে আসা ছিল বড় চ্যালেঞ্জ।
প্যাটিনসন আগের ব্যাটম্যানদের অনুকরণ না করে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলেন। তাঁর ব্রুস ওয়েন ছিলেন বিষণ্ন, একাকী এবং মানসিকভাবে বিপর্যস্ত। প্রচলিত সুপারহিরোর মতো ঝকঝকে নন, বরং তিনি লড়াই করেছেন নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে। বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলারের বেশি আয় করা এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ২০২৮ সালে মুক্তির কথা রয়েছে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’–এর, যার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্যাটিনসনের বৈচিত্র্যময় অভিনয়ের উদাহরণ হিসেবে ২০২৫ সালের ‘মিকি ১৭’ সিনেমাটির কথা বলা যায়। দক্ষিণ কোরীয় নির্মাতা বং জুন-হো পরিচালিত এই সায়েন্স ফিকশনে তিনি মিকি বার্নস চরিত্রে অভিনয় করেন। বিপজ্জনক অভিযানে মারা গেলে প্রযুক্তির সাহায্যে যার নতুন ক্লোন তৈরি করা হয়, সেই মিকির চরিত্রে অভিনয় করতে হয়েছে তাঁকে।
একই ছবিতে একাধিক সংস্করণের ভিন্ন ভিন্ন আচরণ, কণ্ঠস্বর ও শারীরিক অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন প্যাটিনসন। কখনো তিনি অসহায়, কখনো হাস্যকর, আবার কখনো নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান।
২০২৫ সালের ‘ডাই মাই লাভ’ ছবিতে জেনিফার লরেন্সের বিপরীতে তাঁকে দেখা যাবে এমন এক স্বামীর চরিত্রে, যিনি স্ত্রীর মাতৃত্ব-পরবর্তী মানসিক সংকট বুঝতে গিয়ে নিজেও অসহায় হয়ে পড়েন। এটি মূলত সম্পর্ক ও নিঃসঙ্গতার গল্প।
২০২৬ সালেও তাঁর ব্যস্ততা অব্যাহত। ‘দ্য ড্রামা’ সিনেমায় জেনডায়ার বিপরীতে এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তে অ্যান্টিনাস চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘প্রাইমটাইম’ সিনেমায় সাংবাদিক ক্রিস হ্যানসেনের চরিত্রে দেখা গেছে তাঁকে। এর মাধ্যমে স্পষ্ট যে, তিনি বাণিজ্যিক ও অভিনয়প্রধান—উভয় ধারার সিনেমাতেই নিজের জায়গা ধরে রাখতে চান।
প্যাটিনসনের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় দায়িত্ব সম্ভবত জেমস বন্ড। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ দিয়ে ড্যানিয়েল ক্রেগের বন্ড-অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর হেনরি ক্যাভিল, অ্যারন টেলর-জনসন, ইদ্রিস এলবা, জ্যাক লোডেন ও ক্যালাম টার্নারের মতো অনেক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দায়িত্বটি পান রবার্ট প্যাটিনসন। ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এটি হবে বন্ড সিরিজের ২৬তম ছবি।
বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে প্যাটিনসন বলেছেন, “এই দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান।” তাঁর ভাষায়, “জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া স্বপ্ন পূরণের মতো।”
তবে চ্যালেঞ্জও কম নয়। ড্যানিয়েল ক্রেগ বন্ডকে যে মানবিক, রুক্ষ এবং আবেগপ্রবণ মাত্রা দিয়েছিলেন, তাঁর সঙ্গে তুলনা আসবেই। ক্রেগের বন্ডের চরিত্রে ব্যক্তিগত ক্ষত ও প্রতিশোধের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে প্যাটিনসন খুব একটা কথা বলেন না। ক্রিস্টেন স্টুয়ার্টের পর সংগীতশিল্পী এফকেএ টুইগসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বর্তমানে তিনি অভিনেত্রী ও সংগীতশিল্পী সুইকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। তবে গোপনীয়তা বজায় রাখতে তাঁরা মেয়েকে নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না।
কালো ডিনার জ্যাকেট, বো-টাই আর রহস্যময় অভিব্যক্তি—ইনস্টাগ্রামে প্রকাশিত মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে নতুন বন্ডকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ঘোষণা কেবল একজন অভিনেতার নতুন চরিত্র পাওয়া নয়, বরং বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে বড় পরিবর্তনের ইঙ্গিত।
৪০ বছর বয়সী প্যাটিনসন এখন আর নতুন মুখ নন। কেউ এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও নিরাপদ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে বন্ড চরিত্রের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে গেল। সাধারণত বন্ডের জন্য এমন অভিনেতাদের নেওয়া হতো যাঁরা তখনো বিশ্বতারকা হননি এবং এই চরিত্রটিই তাঁদের জনপ্রিয়তার দরজা খুলে দিত। প্যাটিনসনের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তবে নতুন বন্ড হিসেবে তিনি কেমন করবেন, তা প্রথম সিনেমা মুক্তির পরেই বোঝা যাবে। তবে ততক্ষণ পর্যন্ত তাঁর নির্বাচন নিয়ে আলোচনা ও সমালোচনা চলবেই।