এক হাতে মার্টিনি আর অন্য হাতে পিস্তল; কখনো শত্রুর গোপন আস্তানায় দুঃসাহসিক প্রবেশ, আবার কখনো অসম্ভব বিপদ থেকে অনায়াসে মুক্তি। পরিচয় দেওয়ার সেই চিরচেনা সংলাপ—‘বন্ড, জেমস বন্ড।’ বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে জেমস বন্ড এক অবিস্মরণীয় নাম। তবে পর্দার এই দুঃসাহসী গুপ্তচরের জন্ম সিনেমা হলে নয়, বরং বইয়ের পাতায়। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের কল্পনাপ্রসূত এই চরিত্রটি সাত দশকেরও বেশি সময় ধরে পাঠক ও দর্শকদের মুগ্ধ করে রেখেছে। এবার সেই কিংবদন্তি চরিত্রের উত্তরাধিকারী হতে যাচ্ছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন।

জেমস বন্ডের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে অ্যাস্টন মার্টিন গাড়ি, নিখুঁত স্যুট, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সুন্দরী নারী এবং টানটান উত্তেজনার সব অভিযান। তবে সিনেমার বন্ড আর বইয়ের বন্ড কি সত্যিই এক? আসলে তা নয়। সিনেমার বন্ডকে আমরা দেখি অ্যাকশন, আভিজাত্য আর রসবোধের এক সংমিশ্রণ হিসেবে। অন্যদিকে, বইয়ের পাতায় তার চিন্তা-ভাবনা, ভয়, দুর্বলতা এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। একই চরিত্রের যেন দুটি ভিন্ন জীবন।

এই দুই বন্ডের পার্থক্যের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে ১৯৫৩ সালে। সেই বছর প্রকাশিত হয় ইয়ান ফ্লেমিংয়ের প্রথম জেমস বন্ড উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’। এই উপন্যাসের মাধ্যমেই প্রথম পাঠকদের সামনে হাজির হন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর কর্মকর্তা জেমস বন্ড। তার সাংকেতিক নম্বর ০০৭, যার অর্থ হলো বিশেষ পরিস্থিতিতে শত্রুকে হত্যা করার আইনি অনুমতি তার রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করার অভিজ্ঞতা ফ্লেমিংয়ের ছিল। বন্ডের চরিত্র নির্মাণে সেই অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছিল। বাস্তব গুপ্তচরবৃত্তি, আন্তর্জাতিক রাজনীতি, অপরাধজগৎ এবং মানুষের মনস্তত্ত্বের নানা উপাদান মিলিয়ে তিনি তৈরি করেন বন্ডের রোমাঞ্চকর জগৎ।

জেমস বন্ড নামটির পেছনেও রয়েছে এক কৌতূহলী গল্প। নামটি ধার করা হয়েছিল বাস্তবের একজন মানুষের কাছ থেকে। তিনি ছিলেন আমেরিকান পক্ষীবিদ জেমস বন্ড। তাঁর লেখা ‘বার্ডস অব দ্য ওয়েস্ট ইন্ডিজ’ বইটি ফ্লেমিংয়ের সংগ্রহে ছিল। নিজের চরিত্রের জন্য এমন একটি নাম খুঁজছিলেন তিনি, যা হবে সহজ, সাদামাটা অথচ মনে রাখার মতো। সেই ভাবনা থেকেই তিনি বেছে নেন জেমস বন্ড নামটি।

‘ক্যাসিনো রয়্যাল’ প্রকাশের পর পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এরপর একে একে প্রকাশিত হয় বন্ড সিরিজের আরও অনেক উপন্যাস ও গল্প। ফ্লেমিংয়ের জীবদ্দশায় ১২টি উপন্যাস ও দুটি ছোটগল্পের সংকলন প্রকাশিত হয়। ১৯৬৪ সালে তাঁর মৃত্যুর পরও বন্ডের সাহিত্যিক যাত্রা থেমে থাকেনি। কিংসলি অ্যামিস, জন গার্ডনার, রেমন্ড বেনসন, সেবাস্টিয়ান ফকস, উইলিয়াম বয়েড ও অ্যান্টনি হোরোউইটজের মতো লেখকেরা পরবর্তী সময়ে এই চরিত্রটিকে নিয়ে লিখেছেন।

সিনেমার জেমস বন্ডকে সাধারণত আত্মবিশ্বাসী, মার্জিত ও প্রায় অজেয় হিসেবে দেখানো হয়। বিপদ যত বড়ই হোক, তার মুখের হাসি ম্লান হয় না। কিন্তু বইয়ের বন্ড কিছুটা ভিন্ন। তিনি ক্লান্ত হন, উদ্বিগ্ন হন এবং কখনো কখনো ভুলও করেন। এমনকি নিজের কাজের নৈতিকতা নিয়েও তাকে ভাবতে দেখা যায়। ফ্লেমিং তাঁর চরিত্রকে শুধু দুঃসাহসী গুপ্তচর হিসেবেই আঁকেননি; বন্ডের ব্যক্তিগত জীবন, অতীত, খাবার-পানীয়র পছন্দ, পোশাক, অভ্যাস, ভয় ও দুর্বলতার কথা তুলে ধরেছেন। ফলে পাঠকের কাছে তিনি কেবল একজন অ্যাকশন হিরো নন, বরং নানা দ্বন্দ্ব ও সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকা একজন মানুষ।

চলচ্চিত্রের ইতিহাসে জেমস বন্ডের রূপান্তর ছিল বৈচিত্র্যময়। ১৯৬২ সালে মুক্তি পায় ‘ডক্টর নো’, যেখানে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেন শন কনারি। প্রথম ছবিতেই তিনি দর্শকদের মন জয় করেন। তাঁর অভিনয়েই তৈরি হয় সিনেমার বন্ডের পরিচিত ছাঁচ—আভিজাত্য, রসবোধ আর বিপদের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এরপর একে একে এই চরিত্রে অভিনয় করেছেন জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেইগ। প্রত্যেকেই নিজস্ব অভিনয়শৈলী দিয়ে বন্ডকে নতুন মাত্রা দিয়েছেন।

১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ ছবিতে বন্ড হন জর্জ ল্যাজেনবি। ১৯৭৩ সালে রজার মুরের হাত ধরে চরিত্রটিতে যুক্ত হয় আরও রসবোধ ও হালকা মেজাজ। আশির দশকে টিমোথি ডালটন বন্ডকে ফিরিয়ে আনেন অপেক্ষাকৃত গম্ভীর রূপে। নব্বইয়ের দশকে পিয়ার্স ব্রসনান চরিত্রটিতে যোগ করেন আধুনিক আভিজাত্য।

বইয়ের বন্ডের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার অভিযানের বিস্তারিত বর্ণনা। একটি বিপজ্জনক পরিস্থিতিতে তিনি কী ভাবছেন, কীভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা কোনো মানুষকে নিয়ে তার মনে কী ধারণা তৈরি হচ্ছে—এসবই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ফলে পাঠক কেবল ঘটনা অনুসরণ করেন না, বন্ডের মনোজগতের সঙ্গেও পরিচিত হন।

সময়ের সঙ্গে সঙ্গে বন্ডের ব্যক্তিত্ব ও অভিযানও বদলেছে। ষাটের দশকের বন্ড আর একবিংশ শতাব্দীর বন্ড এক নন। বিশ্বরাজনীতি, গুপ্তচরবৃত্তির ধরন এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্ডও নিজেকে বদলে নিয়েছেন। তবে ড্যানিয়েল ক্রেইগের বন্ড ছিল আগের সংস্করণের চেয়ে আলাদা। তাঁর অভিনয়ে বন্ডকে দেখা গেছে আরও কঠিন, আবেগপ্রবণ ও মানবিক হিসেবে। ২০০৬ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে প্রেম, বিশ্বাসঘাতকতা ও ব্যক্তিগত ক্ষতির মধ্য দিয়ে বন্ডের যে রূপ ফুটে ওঠে, তা চরিত্রটির পরিচিত ছাঁচ ভেঙে নতুন মাত্রা যোগ করে।

দুই মাধ্যমের বন্ডের সবচেয়ে বড় পার্থক্য চরিত্রের গভীরতা প্রকাশের ধরনে। উপন্যাসে লেখক সরাসরি বন্ডের মনের ভেতরে প্রবেশ করতে পারেন, কিন্তু সিনেমায় সেই কাজ করতে হয় অভিনয়, সংলাপ, দৃশ্য ও সংগীতের মাধ্যমে। গল্পের ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। ফ্লেমিংয়ের উপন্যাসের কাহিনি সিনেমায় অনেক সময় বদলে গেছে। এর চমৎকার উদাহরণ ‘মুনরেকার’। ১৯৫৫ সালের উপন্যাসে বন্ডকে দেখা যায় এক ব্রিটিশ ব্যবসায়ীর বিপজ্জনক পরিকল্পনা ঠেকাতে, কিন্তু ১৯৭৯ সালের সিনেমায় সেই অভিযান পৌঁছে যায় মহাকাশে!

সিনেমা বন্ডকে দিয়েছে চোখধাঁধানো এক জগৎ—অ্যাস্টন মার্টিন গাড়ি, কিউয়ের তৈরি বিচিত্র সব গ্যাজেট, দুর্ধর্ষ খলনায়ক আর অবিশ্বাস্য অ্যাকশন। অন্যদিকে বইয়ের বন্ডকে বুঝতে হলে সময় নিয়ে পড়তে হয়, যেখানে বন্ডের মনের ভেতরে কী চলছে সেটিও সমান গুরুত্বপূর্ণ। তবে দুজনেরই মিল রয়েছে বিপদের মুখে এগিয়ে যাওয়ার সাহস, দায়িত্ববোধ এবং অসম্ভব পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতায়।

ড্যানিয়েল ক্রেইগ ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে বিদায় নেওয়ার পর নতুন ০০৭ কে হবেন, তা নিয়ে দীর্ঘ জল্পনা চলে। অবশেষে ২০২৬ সালের ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করে, পরবর্তী জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন। তিনি হবেন বড় পর্দার সপ্তম আনুষ্ঠানিক জেমস বন্ড।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে নজরে আসেন প্যাটিনসন। পরে ‘দ্য টোয়াইলাইট সাগা’ তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। তবে তিনি নিজেকে শুধু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অভিনেতা হিসেবে সীমাবদ্ধ রাখেননি। ‘গুড টাইম’, ‘দ্য লাইটহাউস’, ‘টেনেট ও দ্য ব্যাটম্যান’-এর মতো ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে অন্ধকারাচ্ছন্ন, অন্তর্মুখী ও জটিল এক নায়কের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ব্যাটম্যানের মতোই বন্ডও রহস্যময় এবং ব্যক্তিগত দ্বন্দ্বে জর্জরিত, তাই প্যাটিনসনের অভিনয়শৈলীতে এই দুই দিক ফুটিয়ে তোলা সম্ভব বলে মনে করা হচ্ছে।

নতুন বন্ড ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ ও ‘অ্যারাইভাল’খ্যাত ডেনি ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান এবং নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন তানিয়া লাপোয়েন্তে।

নতুন দায়িত্ব পেয়ে প্যাটিনসন বলেছেন, “জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান।” পরিচালক ভিলনভও মনে করেন, প্যাটিনসনের মধ্যে বন্ডের চিরচেনা আবেদন রয়েছে, আবার তাঁর অভিনয়ে চরিত্রটি নতুন রূপও পেতে পারে।

বইয়ের পাতায় ইয়ান ফ্লেমিং যে চরিত্রের জন্ম দিয়েছিলেন, পরবর্তী লেখকেরা তাকে নিজেদের সময়ের উপযোগী করে তুলেছেন। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতারাও নতুন অভিনেতা, নতুন গল্প ও নতুন প্রযুক্তির মাধ্যমে বন্ডকে বারবার নতুন করে হাজির করেছেন। তাই বন্ডের কোনো একটি রূপই চূড়ান্ত নয়। রবার্ট প্যাটিনসন হচ্ছেন সিনেমার নতুন জেমস বন্ড, তবে সাহিত্যিক জগতে তাঁর অভিযান আলাদা ধারায় চলছে।

১৯৫৩ সালে বইয়ের পাতায় যে গুপ্তচরের যাত্রা শুরু হয়েছিল, ১৯৬২ সালে তা ছড়িয়ে পড়ে রুপালি পর্দায়। এরপর ছয় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বন্ডের প্রতি পাঠক-দর্শকের আগ্রহ কমেনি। এবার সেই দীর্ঘ যাত্রায় নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন রবার্ট প্যাটিনসন। তিনি কি বন্ডের চিরচেনা আভিজাত্য ও অ্যাকশন ধরে রাখবেন, নাকি বইয়ের পাতার সেই জটিল, নিঃসঙ্গ ও মানবিক গুপ্তচরকে আরও কাছাকাছি নিয়ে আসবেন দর্শকের? উত্তর মিলবে নতুন সিনেমায়। আপাতত অপেক্ষা নতুন ০০৭-এর জন্য।