দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকার আকাশসীমার বাইরের একটি নিরাপত্তা নজরদারি অঞ্চলে আজ মঙ্গলবার বেশ কিছু রুশ সামরিক বিমান প্রবেশ করেছে। এই ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিউল দ্রুত সেখানে যুদ্ধবিমান পাঠ করে। তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রুশ বিমানগুলো ওই এলাকা ত্যাগ করে চলে যায়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ বিমানগুলো যখন উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল, তখন থেকেই দেশটির সামরিক বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে সেগুলোর গতিবিধির ওপর নজর রাখছিল। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা উত্তেজনা এড়াতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো আকাশে ‘কৌশলগত তৎপরতা’ চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, রুশ সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমা লঙ্ঘন করেনি।
এর আগে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় দেশটির পূর্ব উপকূলীয় উল্লুং দ্বীপের বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার একটি সতর্কতা জারি করেছিল। একটি রুশ বিমান দেশের আকাশসীমায় ঢুকে পড়েছে—এমন তথ্যের ওপর ভিত্তি করে ওই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে মাত্র তিন মিনিট পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
সামরিক পরিভাষায় এই নজরদারি এলাকাটিকে ‘আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল’ (এডিআইজেড) হিসেবে অভিহিত করা হয়। কোনো দেশের মূল আকাশসীমার ঠিক বাইরের একটি নির্দিষ্ট অংশ মূলত আন্তর্জাতিক আকাশসীমার অন্তর্ভুক্ত থাকে। তবে বাইরের কোনো উড়োজাহাজ দেশের মূল আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে শনাক্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশ এই বাড়তি নিরাপত্তাবলয় তৈরি করে থাকে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লুং দ্বীপের কাছাকাছি উত্তর কোরিয়ার একটি যুদ্ধবিমান চলে আসতে পারে বলে স্থানীয় প্রশাসন একটি ভুল সতর্কবার্তাও কিছুক্ষণের জন্য জারি করেছিল।