বেস্টসেলার লেখক জিলি কুপারের জনপ্রিয় ও বিতর্কে ঘেরা রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো লেখা হয়েছিল তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত এক সঙ্গী টাইপরাইটারের সাহায্যে। লেখক তাঁর এই প্রিয় যন্ত্রটির নাম দিয়েছিলেন ‘মনিকা ২’। এবার সেই স্মৃতিবিজড়িত টাইপরাইটারটি উঠতে যাচ্ছে নিলামে। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ জানিয়েছে, এই টাইপরাইটারটির দাম ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ থেকে ১৩ লাখ টাকার সমান।
১৯৬৪ সালের দিকে তৈরি এই টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই। আগামী ৯ ডিসেম্বরের নিলামে এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে ক্রিস্টিজ। কাকতালীয়ভাবে, একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম।
পুরো নিলাম আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’। এই বিশেষ সংগ্রহে বিভিন্ন সময়ের প্রায় ৩০টি বই, পাণ্ডুলিপি, চিঠি ও নানা সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে।
জিলি কুপারের ব্যবহৃত একাধিক টাইপরাইটারের মধ্যে ‘মনিকা ২’-এর স্থান ছিল অত্যন্ত বিশেষ। ২০২৫ সালের অক্টোবরে ৮৮ বছর বয়সে লেখকের মৃত্যুর পর তাঁর গ্লুচেস্টারশায়ারের বিসলি এলাকার বাড়ি ‘দ্য চ্যান্ট্রি’-র অফিস থেকে এটি উদ্ধার করা হয়।
সাক্ষাৎকারে কুপার প্রায়ই তাঁর টাইপরাইটারকে ‘মনিকা’ বলে উল্লেখ করতেন। তবে বাস্তবে এটি ছিল তাঁর ব্যবহৃত একাধিক বিশ্বস্ত টাইপরাইটারের একটি সম্মিলিত নাম। ‘মনিকা ২’-এর পর তিনি আরেকটি টাইপরাইটার ব্যবহার শুরু করেন, যা তিনি ১৯৮২ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলন থেকে কিনেছিলেন।
কুপারের লেখালেখির পদ্ধতিতে টাইপরাইটারের গুরুত্ব ছিল অপরিসীম। সানডে টাইমস ও ডেইলি মেইল-এর সাংবাদিকতা থেকে শুরু করে তাঁর জনপ্রিয় উপন্যাস—সবই তিনি টাইপরাইটারে লিখতেন। তাঁর কাজের ধরন ছিল অনন্য; প্রথম খসড়ার ওপর নতুন অংশ টাইপ করে স্ট্যাপল দিয়ে জুড়ে দিতেন তিনি। এভাবে ধাপে ধাপে পাণ্ডুলিপি তৈরি হতো, যা পরবর্তীতে তাঁর সহকারীরা পুনরায় টাইপ করে চূড়ান্ত রূপ দিতেন।
২০২৫ সালে পরিচালিত এক তদন্তে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়াই ছিল কুপারের মৃত্যুর প্রকৃত কারণ। ওই বছরের ৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে মৃত অবস্থায় খুঁজে পান।
ক্রিস্টিজের বিক্রয় বিভাগের প্রধান থাইস হিচিনস এই বিষয়ে বলেন, ‘প্রয়াত ডেম জিলি কুপারের মতো টাইপরাইটারের সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়ে থাকা আধুনিক লেখক খুব কমই আছেন।’