রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির দুটি পাঙাশ মাছ। মাছ দুটি ধাওয়াপাড়া ফেরিঘাট মাছ বাজারে নিলামে মোট ২১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট মাছ বাজারে মাছ দুটি বিক্রি করা হয়।

বাজার সূত্রে জানা যায়, প্রথমে ৯ কেজি ওজনের একটি পাঙাশ মাছ বাজারে নিয়ে আসেন জেলে আসলাম। পরে আকরাম শেখের মৎস্য আড়তে নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী গৌতম হালদার। এতে মাছটির দাম দাঁড়ায় ১১ হাজার ৭০০ টাকা।

এর কিছুক্ষণ পর ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের আরেকটি পাঙাশ মাছ নিয়ে আসেন জেলে শান্ত হালদার। মিরাজ মিয়ার আড়তে নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে কিনে নেন একই ব্যবসায়ী গৌতম হালদার। মাছটির মোট দাম হয় ৯ হাজার ৬২৫ টাকা।

দুটি মাছের মোট ওজন ১৬ কেজি ৭০০ গ্রাম এবং মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ২১ হাজার ৩২৫ টাকা।

স্থানীয় আড়তদাররা জানান, প্রতিবছরের তুলনায় এবার পদ্মা নদীতে মাছের পরিমাণ বেশ কম। মাঝেমধ্যে দু-একটি বড় পাঙাশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এসব মাছ বাজারে এলে ভালো দাম পাওয়া যায়।