রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। একই বাজারে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ১৮ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করা হয়েছে। আজ রোববার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে আয়োজিত নিলামে মাছ দুটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

পাবনার ঈশ্বরদী এলাকার জেলে পিমা হালদারের জালে এই বড় পাঙাশ মাছটি ধরা পড়ে। জেলে এবং স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আজ ভোরে পিমা হালদার তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে নৌকা ও জাল নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে নামেন। ফেরিঘাটের উজানে নদীতে চাপ জাল ফেলে তাঁরা অপেক্ষা করছিলেন। একপর্যায়ে জালে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন জেলেরা। এরপর জাল তুলে নৌকায় নেওয়ার পর তাঁরা দেখতে পান, জালে একটি বিশাল পাঙাশ মাছ আটকা পড়েছে। সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাট বাজারের ইউসুফ মোল্লার আড়তে নিয়ে আসেন জেলেরা। সেখানে ওজন করা হলে দেখা যায়, মাছটির ওজন প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম। পরবর্তীতে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা।

অন্যদিকে, আজ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিলামে ওঠে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মুন্সিগঞ্জের মাওয়া ঘাট এলাকার জেলে সাগর হালদার মাছটি শিকার করেন। তিনি গত প্রায় তিন মাস ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরছেন। আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে কুশাহাটা এলাকায় তাঁর চাপ জালে মাছটি ধরা পড়ে। পরে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা দুপুরে বলেন, “সকালে ইউসুফ মোল্লার আড়তে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি নিলামে তোলা হয়। তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কেনেন।” তিনি জানান, পরে মাছটি বিক্রির জন্য নিজের আড়তে নিয়ে রেখেছেন এবং সামান্য লাভ পেলেই তা অন্যত্র বিক্রি করবেন।

চান্দু মোল্লা আরও বলেন, “রেজাউল মণ্ডলের আড়ত থেকে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতলা মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ১৮ হাজার ৮০ টাকায় কেনেন।” তিনি জানান, পরবর্তীতে ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মাছটি বিক্রি করেন। ওই ব্যবসায়ী প্রতি কেজিতে ৫০ টাকা লাভ দিয়ে মাছটি কিনেছেন। দুপুরেই ক্রেতার দেওয়া ঠিকানায় মাছটি পাঠিয়ে দিয়েছেন তিনি।