রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। আজ মঙ্গলবার দুপুরে নদীর মোহনায় জেলেদের জালে এই মাছটি আটকা পড়ে। একই সময়ে জালে প্রায় ৮ কেজি ওজনের আরও একটি পাঙাশ মাছ ধরা পড়ে বলে জানা গেছে।
ধরা পড়া মাছ দুটি নিলামে তোলা হলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন। তিনি ১৭ কেজি ওজনের পাঙাশটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন। পাশাপাশি ৮ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি।
সন্ধ্যা ছয়টার দিকে সোহেল মোল্লা জানান, বড় মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বর্তমানে ঢাকার একজন ক্রেতার সঙ্গে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রির জন্য দরদাম চলছে। সেই হিসেবে মাছটির মোট দাম দাঁড়াবে ৩৯ হাজার ১০০ টাকা।
জেলে নিরঞ্জন হালদার ও তাঁর সঙ্গীরা আজ মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকা থেকে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জাল ফেলে তাঁরা সামনের দিকে অগ্রসর হতে থাকেন। প্রায় ১০-১২ কিলোমিটার ভাটিতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার পদ্মা নদীর মোহনায় পৌঁছালে জালে এক বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। তখনই তাঁরা বুঝতে পারেন যে, জালে কোনো বড় মাছ আটকা পড়েছে।
পরবর্তীতে জাল টেনে তুললে তাঁরা বিশাল সেই পাঙাশ মাছটি দেখতে পান। এরপর দ্রুত দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়। বেলা তিনটার দিকে মাছটি দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের প্রয়াত সভাপতি মোহন মণ্ডলের আড়তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়। নিলামে সোহেল মোল্লা সর্বোচ্চ মূল্য দিয়ে মাছ দুটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী সোহেল মোল্লা বলেন, ‘১৭ কেজি ওজনের পাঙাশটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৪০০ টাকায় কিনেছি। মাছটি ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রির জন্য কথা চলছে। তাঁর কাছে ২ হাজার ৩০০ টাকা কেজি বিক্রির দাম বলে দিয়েছেন। দরদাম চূড়ান্ত হলে মাছটি বিক্রি করে দেব।’
সোহেল মোল্লা আরও জানান, ৮ কেজি ওজনের পাঙাশটিও তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন। পরবর্তীতে সেটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ১৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন তিনি।
সোহেল মোল্লার ভাষ্যমতে, পদ্মা নদীতে বর্তমানে বড় মাছের তীব্র আকাল চলছে। প্রায় দুই মাস পর ১৭ কেজি ওজনের এমন একটি বড় পাঙাশ মাছ ধরা পড়ল। আগে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়লেও সম্প্রতি নদীতে বড় মাছ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে এক-দুটি মাছ পাওয়া গেলেও সেগুলো অনেক সময় নদীপথেই বিক্রি হয়ে যায়।