আটলান্টিক মহাসাগরের অতল গভীরে বিলীন হয়ে গেছে সেই ঐতিহাসিক জাহাজটি। সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় দেড় হাজার মানুষ। তবে তাঁদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত সামগ্রী সংরক্ষিত ছিল পরিবারের কাছে এবং ইতিহাসের সংগ্রহে। এক শতাব্দীরও বেশি সময় পর সেই স্মৃতিবিজড়িত স্মারকগুলোর কয়েকটি সম্প্রতি নিলামে উঠেছে এবং সেগুলোর দাম উঠেছে রেকর্ড পরিমাণে।
১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক সামগ্রী ইংল্যান্ডে এক নিলামে বিক্রি করা হয়েছে। এই নিলামে সবচেয়ে আকর্ষণীয় ও সর্বোচ্চ মূল্যের সামগ্রী ছিল ‘তৃতীয় শ্রেণি’র যাত্রী মেরি ম্যানগানের একটি সোনার পকেটঘড়ি। ঘড়িটি ২ লাখ ৫০ হাজার পাউন্ডের রেকর্ড দামে বিক্রি হয়েছে। এছাড়া বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি ১ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করা হয়েছে।
নিলামের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি। টাইটানিক জাহাজে অবস্থানকালীন স্প্যানিশ ভাষায় লেখা এই চিঠিটি তাঁর শরীর থেকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও চিঠিটি ৮০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
৩২ বছর বয়সী আইরিশ নারী মেরি ম্যানগান যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১৯১২ সালের শুরুর দিকে পরিবারের সঙ্গে দেখা করতে তিনি আয়ারল্যান্ডে ফিরেছিলেন এবং পরবর্তীতে টাইটানিকে চড়ে পুনরায় যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। তাঁর শরীর থেকে উদ্ধার করা এই ঘড়িটি অন্যান্য ব্যক্তিগত জিনিসের সঙ্গে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি বেলফাস্টের টাইটানিক জাদুঘরে ম্যানগান পরিবারের সংগ্রহের অন্যান্য সামগ্রীর সঙ্গে এই ঘড়িটি কয়েক সপ্তাহ প্রদর্শিত হয়।
রামন আর্তাগাভেইতিয়া গোমেজের চিঠিটিও অত্যন্ত দুর্লভ হিসেবে বিবেচিত। জাহাজের নিজস্ব প্যাডে লেখা এই চিঠিতে তিনি টাইটানিকের নানা খুঁটিনাটি বিবরণ তুলে ধরেছিলেন। জাহাজের রং, ভেতরের তাপমাত্রা এবং খাবার ঘরে কতজনের খাবারের ব্যবস্থা ছিল—এমন নানা বিষয় নিয়ে তিনি লিখেছিলেন।
নিলামে বিক্রি হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে ছিল টাইটানিকের একটি দুর্লভ টিকিট, যার দাম উঠেছে ৪৫ হাজার ৫০০ পাউন্ড। এছাড়া একটি বিমার দলিল ২৭ হাজার পাউন্ডে এবং জাহাজের জ্যেষ্ঠ বেতার অপারেটর জ্যাক ফিলিপসের লেখা একটি পোস্টকার্ড প্রায় ৩২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
টাইটানিক ডুবে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্বে অবিচল ছিলেন জ্যাক ফিলিপস। জাহাজটি যখন তলিয়ে যাচ্ছিল, তখন তিনি বেতারযন্ত্রের মাধ্যমে বিপৎসংকেত পাঠাচ্ছিলেন এবং উদ্ধার তৎপরতায় সক্রিয় সহায়তা করছিলেন। মৃত্যুর মাত্র চার দিন আগে টাইটানিক যখন সাউদাম্পটন বন্দরে ছিল, তখন তিনি তাঁর বোন এলসিকে এই পোস্টকার্ডটি লিখেছিলেন। এই বিশেষ কারণেই স্মারকটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরের নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন এই সামগ্রীগুলো বিক্রি করেছে। প্রতিষ্ঠানটির নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ জানান, সব মিলিয়ে নিলামে বিক্রির মোট পরিমাণ ১০ লাখ পাউন্ড ছাড়িয়েছে, যার একটি বড় অংশই এসেছে টাইটানিকের এই স্মারকগুলো থেকে।
অ্যান্ড্রু অলড্রিজের মতে, টাইটানিকের প্রতি মানুষের আগ্রহ এখনো সারা বিশ্বে অটুট। এই নিলামে বিভিন্ন দেশের সংগ্রাহকেরা অংশ নিয়েছেন। তাঁর ভাষায়, “এসব জিনিসের দাম শুধু সংগ্রাহকদের আগ্রহের প্রতিফলন নয়, এর মাধ্যমে টাইটানিকের যাত্রীদের ব্যক্তিগত স্মৃতিও বাঁচিয়ে রাখা হচ্ছে।”