বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার ১১৪ বছর পর এখন সেই জাহাজের মূল কাঠামোর বিমার নথি নিলামে উঠছে। এখন পর্যন্ত জানা গেছে, এটিই টাইটানিকের একমাত্র প্রকাশিত বিমার নথি।

যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরের 'হেনরি অলড্রিজ অ্যান্ড সন' নামক একটি প্রতিষ্ঠান আগামী ২১ নভেম্বর এই নথিটির নিলাম আয়োজন করছে। ধারণা করা হচ্ছে, নিলামে এই ঐতিহাসিক নথির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, জাহাজটির ইস্পাতের কাঠামোর জন্য কত টাকার বিমা করা হয়েছিল। উক্ত নথি অনুযায়ী, বিমার পরিমাণ ছিল ১ লাখ ডলার। বর্তমান বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

টাইটানিকের অন্যতম প্রধান বিমাকারী ছিল যুক্তরাষ্ট্রের আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি। ১৯১২ সালের ২৭ মার্চ এই বিমার নথিতে স্বাক্ষর করা হয়। এর মাত্র ১৯ দিন পর আরএমএস টাইটানিক যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে প্রথম সমুদ্রযাত্রায় বের হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে চলাকালীন একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়, যাতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান।

ইতিহাসের এই বহুল আলোচিত জাহাজডুবির ঘটনার মাত্র ৩০ দিনের মধ্যেই বিমার নির্ধারিত অর্থ পরিশোধ করা হয়েছিল বলে জানা গেছে।

১৮৩৮ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি উনিশ শতকের মাঝামাঝি সময়ে উত্তর আমেরিকার বৃহত্তম বিমা প্রতিষ্ঠানে পরিণত হয়। টাইটানিক পরিচালনা করা প্রতিষ্ঠান ওশেনিক স্টিম নেভিগেশন কোম্পানি ছিল এই বিমা প্রতিষ্ঠানের গ্রাহক। ধারণা করা হয়, টাইটানিকের কাঠামোর বিমার ক্ষেত্রে অন্য যেকোনো একক প্রতিষ্ঠানের চেয়ে আটলান্টিক মিউচুয়াল অধিক ঝুঁকি নিয়েছিল।

টাইপরাইটারে লেখা এই নথির নিচে কালো কালিতে হাতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। বিমাটির মেয়াদ ছিল এক বছর এবং এটি ১৯১২ সালের ৩০ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই বিমার পরিমাণ প্রায় ৩৫ লাখ ডলারের সমান।

নথির নিচে হাতে লেখা শর্তে উল্লেখ করা হয়েছে, “১৯১২ সালের ৩১ মার্চ সন্ধ্যা সাতটা বা এরপর বেলফাস্ট থেকে সাউদাম্পটনের উদ্দেশে জাহাজটির যাত্রা এবং ওই সময়ে পরীক্ষামূলক কোনো ঝুঁকি দেখা দিলে—সেসব বিমার আওতায় থাকবে।”

মূলত এই বিশেষ শর্তের কারণেই জাহাজটি বন্দরে পৌঁছানোর আগের যাত্রাপথও বিমার আওতায় এসেছিল। অর্থাৎ, আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে যাত্রা শুরুর আগেই জাহাজটি বিমার আওতায় ছিল, যা এই নথিটিকে একটি বিরল ও ঐতিহাসিক দলিলে পরিণত করেছে।

নিলামকারী প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘টাইটানিকের মূল বিমার কোনো নথি এর আগে নিলামে বিক্রি হয়েছে, এমনটা আমাদের জানা নেই।’

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পর ক্ষয়ক্ষতির বিমার দাবি নিষ্পত্তিতেও আটলান্টিক মিউচুয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির বিমা করার অনুমোদন বাতিল হয় এবং ২০১১ সালে প্রতিষ্ঠানটি অবসায়নের প্রক্রিয়ায় যায়।