গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে ফিরিয়ে আনতে কোনো আইনি বাধা নেই, তবে এই প্রক্রিয়ায় তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হবে না; যাবতীয় আলোচনা হবে ভারতের সঙ্গে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এই খবরের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান এসব কথা বলেন।
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা যখন শেখ হাসিনার বিষয়ে জানতে চান, তখন জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।’
সাবেক প্রধানমন্ত্রী কীভাবে দেশে ফিরবেন, সেই প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে অবস্থান করছেন। তিনি বিমানে, হেঁটে নাকি অন্য কোনোভাবে দেশে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতার মধ্যে বড় পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা হয়।
হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাস্তবতা হলো, সন্ত্রাসীদের শুধু বিচারের মুখোমুখি করতেই দেশে ফিরিয়ে আনা হবে। কারও মনের ইচ্ছা হতে পারে, শয়নকক্ষে শুয়ে কেউ দুঃস্বপ্ন দেখতে পারেন, তিনি বিমানবন্দরে আসছেন, ট্রেনে চড়ছেন। কিন্তু তিনি কোনো সাধারণ যাত্রী নন। তাঁকে শুধু হাতকড়া পরিয়ে অথবা বিচারের মুখোমুখি করতেই দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’
রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, অর্থ ব্যয় করে এ ধরনের খবর প্রকাশ করানো হতে পারে। তবে ইচ্ছা ও বাস্তবতার পার্থক্য স্পষ্ট। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও একই সুরে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার নিরাপত্তা আইন (সংশোধিত) ২০২৬-এর খসড়া নিয়ে কূটনীতিকদের সাথে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এই কথা বলেন।
এদিকে, শেখ হাসিনার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর দাবির বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।
আমিনুল ইসলাম বলেন, ‘এটি একটা হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, যে মুখপাত্র এই দাবি করেছেন, এটা তাঁর একটা উন্মাদনা ছাড়া আর কিছু নয়।’ তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির এ ধরনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।
শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়। রিজভী বলেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও আইনগত সুযোগ রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, আইনি প্রক্রিয়ার পরিবর্তে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে।