ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি বাধা নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।”
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানান উপদেষ্টা। তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, সেই বিষয়ে আলোচনা তাঁর সঙ্গে নয়, বরং হবে ভারতের সঙ্গে। তাঁর ভাষায়, “একজন মারাত্মক অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে আছেন। তিনি দণ্ডপ্রাপ্ত। সুতরাং তিনি আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে না, ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।”
সচিবালয়ের ওই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।